×

ফুটবল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায়, কী থাকছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:১২ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায়, কী থাকছে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম আয়োজক তিন দেশ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে আয়োজন করছে ২০২৬ বিশ্বকাপ। শুধু আয়োজনের পরিধিই নয়, বদলে গেছে উদ্বোধনী অনুষ্ঠানের ধরনও। এক শহরে এক মঞ্চ নয়, এবার তিন আয়োজক দেশের নিজ নিজ প্রথম ম্যাচের আগে হবে তিনটি আলাদা উদ্বোধনী আয়োজন।

প্রথম অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকায়, ফিফার সূচিতে যার নাম মেক্সিকো সিটি স্টেডিয়াম। আজ বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। তার প্রায় দুই ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান।

এরপর কানাডায় হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। সেই ম্যাচের আগে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে ভোর ৫টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী আয়োজন। বাংলাদেশি দর্শকদের জন্য এই অনুষ্ঠান দেখতে হলে ভোরে উঠতে হবে, অথবা রাত জেগে থাকতে হবে।

বিশ্বকাপের ইতিহাসে একাধিক আয়োজক দেশ নতুন নয়। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে এবার তিন আয়োজক দেশের প্রত্যেকটিই নিজেদের মাটিতে আলাদা করে বিশ্বকাপের পর্দা তুলবে। ফলে এবারের উদ্বোধনী আয়োজন এক অর্থে বিশ্বকাপ ইতিহাসের নতুন অধ্যায়।

তিনটি অনুষ্ঠানের চরিত্র আলাদা হলেও মূল ভাবনা একই—আয়োজক দেশগুলোর সংস্কৃতি, ইতিহাস ও বৈচিত্র্যকে ফুটবলের মাধ্যমে তুলে ধরা। মেক্সিকো সিটির অনুষ্ঠানে থাকবে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, লোকজ সংস্কৃতির ছোঁয়া এবং ঐতিহ্যবাহী কাগজশিল্প ‘পাপেল পিকাডো’র ব্যবহার। মেক্সিকোর রং, সুর ও ইতিহাসকে সামনে রাখতেই সাজানো হচ্ছে এই আয়োজন।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণ শাকিরা। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বকাপ সংগীতের স্মৃতিতে স্থায়ী জায়গা করে নেওয়া কলম্বিয়ান তারকা এবারও উদ্বোধনী মঞ্চে থাকবেন। বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।

মেক্সিকো সিটির মঞ্চে আরও থাকবেন বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের সঙ্গে যুক্ত একাধিক শিল্পী। ঘোষিত ও সম্ভাব্য পারফরমারদের তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও দক্ষিণ আফ্রিকান শিল্পী টাইলা।

বিশ্বকাপের প্রথম দিন ঘিরে মেক্সিকো সিটিতে প্রস্তুতিও বড় পরিসরে নেওয়া হয়েছে। মেক্সিকো সিটিতে ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল বন্ধ রাখার পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ দেওয়ার নির্দেশনাও এসেছে।

কানাডার অনুষ্ঠান শুরু হবে ক্ষণগণনার মাধ্যমে। সেখানে দেশটির বিভিন্ন স্মরণীয় মুহূর্ত, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় পরিচয় ফুটিয়ে তোলা হবে। টরন্টো স্টেডিয়ামের মঞ্চে থাকবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে তুলনামূলক বড় ভিজ্যুয়াল আয়োজনের। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরের আলো, দৃশ্য, সংগীত ও গল্পভিত্তিক মঞ্চায়ন। সেখানে পারফর্ম করার কথা কেটি পেরি, ফিউচার, অনিতা, লিসা, রেমা ও টাইলা’র মতো আন্তর্জাতিক তারকাদের।

মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠান স্থায়ী হতে পারে প্রায় ১৬ থেকে ১৭ মিনিট। টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান দুটির দৈর্ঘ্য হতে পারে প্রায় ১৩ মিনিট করে। সময়ের দিক থেকে সংক্ষিপ্ত হলেও আয়োজকেরা তিনটি অনুষ্ঠানকেই আলাদা আবহে সাজাতে চাইছেন।

এবারের তিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ। অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠান নির্মাণে তাঁর অভিজ্ঞতা আছে। প্রতিটি শহরের অনুষ্ঠান আলাদা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরলেও সব আয়োজনকে এক সুতোয় বাঁধবে একটি ভাবনা—ফুটবল মানুষকে ভেদাভেদ ভুলিয়ে এক জায়গায় নিয়ে আসতে পারে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এক সময় এত বড় আলোচনার বিষয় ছিল না। কিন্তু সময়ের সঙ্গে এটি টুর্নামেন্টের আবেগ, বাণিজ্য ও বিনোদনের বড় অংশ হয়ে উঠেছে। ১৯৯৪ বিশ্বকাপে ডায়ানা রসের বিখ্যাত পেনাল্টি কিক থেকে ২০১০ সালে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’—উদ্বোধনী অনুষ্ঠানও এখন বিশ্বকাপ স্মৃতির অংশ।

এবার সেই স্মৃতির পরিসর আরও বড় হচ্ছে। এক ট্রফি, এক বিশ্বকাপ, কিন্তু তিন দেশের তিনটি আলাদা মঞ্চ। আজ মেক্সিকো সিটি থেকে শুরু হবে সেই উৎসব। এরপর টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়বে বিশ্বকাপের আলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App