×

ফুটবল

ফরমেশন আর একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা রাখছেন স্কালোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

ফরমেশন আর একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা রাখছেন স্কালোনি

ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হতে আর বেশি সময় নেই। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচের আগে লিওনেল স্কালোনি এখনো নিজের একাদশ পুরোপুরি পরিষ্কার করেননি। বিশেষ করে রক্ষণভাগ নিয়ে আর্জেন্টিনা শিবিরে এখনও ধোঁয়াশা আছে।

কানসাস সিটিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি বুধবার সকাল ৭টায়। ম্যাচের আগে শেষ দিকের অনুশীলনে স্কালোনি দুটি ভিন্ন ছক পরীক্ষা করেছেন। প্রথমে চার ডিফেন্ডারের ব্যবস্থা, পরে তিন সেন্টারব্যাক ও দুই আক্রমণাত্মক উইংব্যাক নিয়ে ৩-৫-২। তাতেই বোঝা যাচ্ছে, অন্তত রক্ষণভাগ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি আর্জেন্টিনা কোচ।

প্রথম পরীক্ষায় স্কালোনি ৪-৪-২ ছক ব্যবহার করেন। সেখানে রক্ষণভাগে ছিলেন গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ। পরে রোমেরোর জায়গায় ফাকুন্দো মেদিনাকে লেফটব্যাক হিসেবে নামিয়ে আরেকটি বিকল্পও দেখেন কোচ।

প্রতিপক্ষ আলজেরিয়ার ধরন, গতি ও আক্রমণাত্মক শক্তি বিবেচনায় চার ডিফেন্ডারের ছক দিয়েই আর্জেন্টিনার শুরু করার সম্ভাবনা বেশি। তবে এই ছকে কোন চারজন খেলবেন, সেটিই এখন প্রশ্ন। ডান পাশে নাহুয়েল মোলিনা নাকি মনতিয়েল, এই সিদ্ধান্ত এখনও খোলা। বড় ম্যাচের অভিজ্ঞতায় মনতিয়েল এগিয়ে থাকতে পারেন, তবে মোলিনার গতিও স্কালোনির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ।

সবচেয়ে বড় প্রশ্ন লেফটব্যাকে। নিকোলাস তাগলিয়াফিকো বাঁ পায়ের পেশির চোটে আলজেরিয়া ম্যাচে না থাকার পথে। এতে স্কালোনিকে বিকল্প ভাবতে হচ্ছে। লিসান্দ্রো মার্তিনেজকে লেফটব্যাকে খেলানো যেতে পারে, যেমনটা তিনি আগেও আর্জেন্টিনার হয়ে করেছেন। আবার ফাকুন্দো মেদিনাও এই জায়গার দাবিদার। অনুশীলনে দুজনকেই পরীক্ষা করেছেন স্কালোনি।

সেন্টারব্যাক জুটিও পুরোপুরি নিশ্চিত নয়। রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রো, এই তিনজনের মধ্যে দুইজন খেলবেন, নাকি তিনজনকেই একসঙ্গে ব্যবহার করা হবে, সেটি নিয়ে আলোচনা আছে। অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে ওতামেন্দি গুরুত্বপূর্ণ। রোমেরো আর্জেন্টিনার আগ্রাসী রক্ষণের প্রতীক। আর লিসান্দ্রো বল পায়ে খেলা গড়তে পারেন, পাশাপাশি বাম দিকেও ব্যবহারযোগ্য।

এই কারণেই স্কালোনি দ্বিতীয় ছক হিসেবে ৩-৫-২ পরীক্ষা করেছেন। সেখানে রোমেরো ছিলেন ডান স্টপার, ওতামেন্দি মাঝখানে, লিসান্দ্রো বাম স্টপার। দুই উইংব্যাক হিসেবে ডান দিকে জুলিয়ানো সিমেওনে এবং বাঁ দিকে নিকোলাস গনসালেসকে ব্যবহার করা হয়। দুজনই মূলত আক্রমণাত্মক খেলোয়াড়, তাই এই ছক শুরু থেকেই ব্যবহারের সম্ভাবনা কম। তবে ম্যাচের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে প্রতিপক্ষকে চেপে ধরতে বা লিড ধরে রাখতে স্কালোনি এই ব্যবস্থা ব্যবহার করতে পারেন।

স্কালোনির কোচিংয়ের বড় বৈশিষ্ট্যই হলো পরিস্থিতি বুঝে বদলানো। ২০২২ বিশ্বকাপেও তিনি এক ছকে আটকে থাকেননি। প্রতিপক্ষভেদে ছক বদলেছেন, খেলোয়াড় বদলেছেন, ম্যাচের ভেতরেও দলের রূপ বদলেছেন। এবারও আলজেরিয়া ম্যাচের আগে সেই নমনীয়তার ইঙ্গিত দেখা যাচ্ছে।

রক্ষণে যত অনিশ্চয়তা, মাঝমাঠ থেকে সামনে ছবি তুলনামূলক পরিষ্কার। রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফার্নান্দেজ মাঝমাঠে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ত্রয়ী আর্জেন্টিনার নিয়ন্ত্রণ, চাপের মধ্যেও বল ধরে রাখার ক্ষমতা এবং আক্রমণে বলের গতি নির্ধারণ করবে।

আক্রমণে লিওনেল মেসি থাকছেন, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই। তার সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ এগিয়ে। হুলিয়ান আলভারেস বাঁ গোড়ালির লিগামেন্ট চোটের কারণে আগের দুটি প্রীতি ম্যাচে ছিলেন না, তাই প্রথম ম্যাচে লাউতারোর শুরু করার সম্ভাবনা বেশি।

আরেকটি জায়গা নিয়ে আলোচনা আছে, থিয়াগো আলমাদা নাকি জুলিয়ানো সিমেওনে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে গোল ও ভালো পারফরম্যান্স দিয়ে আলমাদা স্কালোনির আস্থা অর্জন করেছেন। তাই আলজেরিয়ার বিপক্ষে তিনি একাদশে জায়গা পেতে পারেন। সিমেওনে অনুশীলনে উইংব্যাক হিসেবে পরীক্ষিত হলেও শুরুতে তার সুযোগ পাওয়া কিছুটা কঠিন।

আর্জেন্টিনার জন্য এই ম্যাচ শুধু বিশ্বকাপ শুরু নয়, শিরোপা রক্ষার অভিযানের প্রথম পরীক্ষা। ২০২২ সালে সৌদি আরবের বিপক্ষে হারে বিশ্বকাপ শুরু করেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেই অভিজ্ঞতা স্কালোনির দলের মনে থাকবে। তাই এবার প্রথম ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাইবেন না আর্জেন্টিনা কোচ।

আলজেরিয়াও সহজ প্রতিপক্ষ নয়। সাম্প্রতিক ফর্মে তারা আত্মবিশ্বাসী। আর্জেন্টিনার বিপক্ষে তারা নিচে নেমে রক্ষণ শক্ত করবে, দ্রুত পাল্টা আক্রমণ খুঁজবে এবং শারীরিক লড়াই বাড়াবে—এমন সম্ভাবনাই বেশি। সে কারণেই রক্ষণে স্কালোনির সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য একাদশ—এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা বা গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবিএমসিসিআই চেয়ারম্যান ও বোর্ড অব মেম্বারসকে নেক্সট রিপ্রেজেন্টেটিভসের শ্রদ্ধা

বিবিএমসিসিআই চেয়ারম্যান ও বোর্ড অব মেম্বারসকে নেক্সট রিপ্রেজেন্টেটিভসের শ্রদ্ধা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচু্ক্তিতে বাগড়া ইসরায়েলের, জোরালো আক্রমণের ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচু্ক্তিতে বাগড়া ইসরায়েলের, জোরালো আক্রমণের ঘোষণা

ভারতে মুসলিম নারীদের টার্গেট করে অশ্লীল ছবি তৈরির হিড়িক

ভারতে মুসলিম নারীদের টার্গেট করে অশ্লীল ছবি তৈরির হিড়িক

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App