×

ফুটবল

ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর স্কালোনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:৩১ পিএম

ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর স্কালোনি

ছবি: সংগৃহীত

আজ থেকে ঠিক ৪০ বছর আগের এক জাদুকরী রাতে বিশ্ব ফুটবলের আঙিনায় অমরত্ব পেয়েছিলেন ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ২২শে জুনের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কেবলই কোনো ফুটবল ম্যাচ ছিল না, বরং তা আর্জেন্টিনার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ে পরিণত হয়েছিল। যা কিনা ফুটবল ইতিহাসেরই সবচেয়ে আলোচিত, বিতর্কিত ও জাদুকরী মুহূর্তের একটি।

কাকতালীয়ভাবে, চার দশক আগের এই বিশেষ দিনটিতেই আজ বিশ্বকাপে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এমন এক ঐতিহাসিক দিনে মাঠের লড়াইয়ে নামার আগে ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে স্মরণ করে আবেগী হয়ে পড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।

মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই অবিশ্বাস্য দ্বিতীয় গোলের পর উরুগুয়ের ধারাভাষ্যকার ভিক্টর হুগো মোরালেসের আবেগঘন কণ্ঠস্বর আজও প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের গায়ে কাঁটা দেয়। তিনি সেদিন মাইক্রোফোনে চিৎকার করে বলেছিলেন, ‘এই দৃশ্য দেখে শুধু কাঁদতেই ইচ্ছে করছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন! ম্যারাডোনা এক অবিস্মরণীয় দৌড়ে সর্বকালের সেরা গোলটি করলেন। ওগো মহাজাগতিক ধূমকেতু, তুমি কোন গ্রহ থেকে এসেছ? তুমি এত এত ইংরেজ খেলোয়াড়কে যেভাবে পেছনে ফেলে এগিয়ে গেলে, তাতে আজ পুরো দেশ একটা বজ্রমুষ্টি হয়ে আর্জেন্টিনার জন্য চিৎকার করছে। আর্জেন্টিনা ২, ইংল্যান্ড ০। ডিয়েগোল, ডিয়েগোল, দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ফুটবল দেওয়ার জন্য, ম্যারাডোনাকে পাঠানোর জন্য এবং এই আনন্দঅশ্রুর জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ। আর্জেন্টিনা ২, ইংল্যান্ড ০।’ ধারাভাষ্যের এই প্রতিটি শব্দ আজও প্রমাণ করে যে, সেই ম্যাচ আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবলের সীমানা ছাড়িয়ে এক পরম আবেগ হয়ে উঠেছিল।

১৯৮৬ সালের ২২ জুন যখন ইংল্যান্ডের রক্ষণভাগকে স্রেফ খড়কুটো বানিয়ে ম্যারাডোনা সেই রূপকথা লিখছেন, স্কালোনি তখন নেহাতই এক শিশু। চার দশক আগের সেই শৈশবের স্মৃতি হাতড়ে স্কালোনি বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক দিনে আমরা দাদির বাড়িতে ছিলাম। আমরা অনেক মানুষ একসঙ্গে খুব ছোট একটা টিভিতে চোখ রেখে ওই ম্যাচটি দেখছিলাম। আমি নিশ্চিত, আমি সেখানেই ছিলাম এবং ম্যারাডোনার সেই জাদুকরী মুহূর্তের সাক্ষী হয়েছিলাম।’

স্মৃতিকাতর হয়ে আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড বলেন, ‘আগামীকাল (আজ) এই অবিশ্বাস্য গোলের ৪০ বছর পূর্তি, এটা ভেবেই বুকটা কেঁপে উঠছে। দিনটি আমাদের সবার জন্যই ভীষণ আবেগের। আজ হয়তো চারপাশের সবখানেই আমরা ম্যারাডোনার সেই গোলের ভিডিও দেখতে পাব। বিশ্বাস করুন, দৃশ্যগুলো দেখতে দেখতে আজ হয়তো আমরা সবাই একটু কাঁদবও।’

সেই বিশ্বকাপে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল উঠে আর্জেন্টিনা। পরে জার্মানিকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। এর ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়ে অমরত্ব লাভ করেন কোচ লিওনেল স্কালোনিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App