নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি : সংগৃহীত
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ৩২। মঙ্গলবার (২৩ জুন) সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলের কারণে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের।
গ্রুপসেরা হওয়ায় এখন সবার আগ্রহ একটাই—নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে খেলতে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। সেই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচের পরই চূড়ান্ত হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
স্পেন: উরুগুয়ে শেষ ম্যাচে স্পেনকে হারায় এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচ ড্র হয়, তাহলে স্পেন রানার্সআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে। আবার উরুগুয়ে জিতলেও সৌদি আরব যদি কেপ ভার্দেকে হারায়, সেক্ষেত্রেও স্পেনের রানার্সআপ হওয়ার সম্ভাবনা থাকবে।
কেপ ভার্দে : স্পেন উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদি আরবকে পরাজিত করে, তাহলে স্পেন গ্রুপসেরা হবে আর কেপ ভার্দে রানার্সআপ হিসেবে নকআউটে উঠবে। এছাড়া স্পেন জিতলে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হলেও আফ্রিকার দেশটিই রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে।
সৌদি আরব: স্পেন উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব বড় ব্যবধানে কেপ ভার্দেকে পরাজিত করে, তাহলে রানার্সআপ হওয়ার সুযোগ পাবে সৌদি আরব। আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলেও সৌদি আরব জিতলে একই সমীকরণ কার্যকর হতে পারে।
সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে আর্জেন্টিনা-সৌদি আরব লড়াই দেখার সুযোগ তৈরি হবে।
আরো পড়ুন : আর্জেন্টিনাকে থামানোর সূত্র দেখাল অস্ট্রিয়া ম্যাচ?
উরুগুয়ে : শেষ রাউন্ডে উরুগুয়ে ও কেপ ভার্দে—দুই দলই জয় পেলে রানার্সআপ নির্ধারণে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বর্তমানে দুই দলের গোল ব্যবধানই শূন্য এবং গোলসংখ্যাও সমান (দুটি করে)। গোল ও ব্যবধান সমান থাকলে বিবেচনায় আসবে ফেয়ার প্লে পয়েন্ট। সেখানে কেপ ভার্দের তুলনায় একটি হলুদ কার্ড কম থাকায় সামান্য এগিয়ে রয়েছে উরুগুয়ে।
আবার যদি গ্রুপের শেষ দুটি ম্যাচই ড্র হয়, তাহলে গোল পার্থক্য, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং প্রয়োজনে ফিফা র্যাঙ্কিং বিবেচনা করে রানার্সআপ নির্ধারণ করা হবে।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দে। তবে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নকআউটের শুরুতেই দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেনের হাইভোল্টেজ লড়াই। সব হিসাব-নিকাশের সমাধান মিলবে শনিবার সকাল ৬টায় ‘এইচ’ গ্রুপের শেষ দুই ম্যাচ শেষে।
