ঐতিহাসিক গোল করেও বিদায় হাইতির, নকআউটে মরক্কো
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৫২ বছরের গোলখরা কাটিয়ে হাইতির ঐতিহাসিক অর্জন ম্লান হয়ে গেলো মরক্কোর কাছে। হাইতির বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও ৪-২ গোলের নাটকীয় জয় পেয়েছে মরক্কো। তবে এই বড় জয়ের পরও গোল ব্যবধানের সমীকরণে ব্রাজিলকে টপকাতে পারেনি তারা। ফলে গ্রুপ ‘সি’-এর রানার্সআপ হিসেবে নকআউটে গেল মরক্কো, আর গ্রুপ সেরা হলো ব্রাজিল।
বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টায় ফুটবলপ্রেমীরা উপভোগ করল এক রোমাঞ্চকর লড়াই। যেখানে দীর্ঘ ৫২ বছর পর গোল করে ইতিহাস গড়ল হাইতি, তবে মাঠের লড়াইয়ে শেষ হাসি হেসেছে মরক্কো। দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের নাটকীয় জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কোর মরূদ্যানরা।
ম্যাচের শুরুতেই চমক দেখায় হাইতি। ১০ম মিনিটে জ্যাঁ-কেভিন ডুভেরনের নিখুঁত ক্রস থেকে লেনি জোসেফের শট মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনোর গায়ে লেগে জালে জড়ায়। ১৯৭৪ বিশ্বকাপের পর এটিই ছিল বিশ্বকাপে হাইতির প্রথম গোল। ঐতিহাসিক এই গোলের উদযাপনের রেশ কাটার আগেই ৩৯তম মিনিটে মরক্কোকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফ হাকিমি। তবে তার চার মিনিট পরই দুর্দান্ত এক দূরপাল্লার শটে হাইতিকে আবারও (২-১) এগিয়ে দেন উইলসন ইসিডোর। প্রথমার্ধের নাটকীয়তা সেখানেই শেষ হয়নি; বিরতির ঠিক আগে হাকিমির পাস থেকে টুর্নামেন্টে নিজের টানা তৃতীয় গোল করে মরক্কোকে ২-২ সমতায় ফেরান ইসমাইল সাইবারি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। ৭০তম মিনিটে কর্নার থেকে আসা বল ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসলে, ফিরতি শটে গোল করে মরক্কোকে প্রথমবারের মতো লিড এনে দেন সুফিয়ান রাহিমি। আর ম্যাচের শেষদিকে রাহিমির পাস থেকে সহজ গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন গেসিম ইয়াসিন।
এই জয়ের ফলে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে পা রাখল মরক্কো। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস অথবা জাপান। অন্যদিকে, কোনো পয়েন্ট না পেলেও দীর্ঘ ৫২ বছর পর গোল পাওয়ার আনন্দ এবং লড়াকু পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বের মন জয় করেই বিদায় নিল হাইতি।
