কেপ ভার্দের বিপক্ষে তিন পজিশন নিয়ে ‘মধুর সমস্যায়’ স্কালোনি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি : সংগৃহীত
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শুরুর একাদশ নির্ধারণে তিনটি পজিশন নিয়ে ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। তবে নকআউট পর্বে দলটি প্রায় নিশ্চিতভাবেই তাদের পরিচিত শক্তিশালী ছকেই ফিরছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে শুরুর একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। সেই ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়া হলেও কেপ ভার্দের বিপক্ষে এমন পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা নেই। অস্ট্রিয়ার বিপক্ষে ব্যবহৃত মূল একাদশের কাছাকাছি দল নিয়েই মাঠে নামতে পারেন তিনি। লিওনেল মেসির ফেরার সঙ্গে দলও ফিরে যাচ্ছে পরিচিত ৪-৪-২ ফরমেশনে।
তবে বাম প্রান্তের রক্ষণভাগে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। কিন্তু তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে ফাকুন্দো মেদিনা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। অভিজ্ঞতার বিচারে তাগলিয়াফিকো এগিয়ে থাকলেও মেদিনার সাম্প্রতিক ফর্ম স্কালোনির জন্য ইতিবাচক এক নির্বাচনী দ্বিধা তৈরি করেছে।
রক্ষণভাগে আরেকটি প্রশ্ন ক্রিস্টিয়ান রোমেরোকে ঘিরে। ডান হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারলে তার জায়গায় লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওতামেন্দির একাদশে ফেরার সম্ভাবনাই বেশি।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে আক্রমণভাগের সেন্টার ফরোয়ার্ড পজিশনে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে নিজের প্রথম বিশ্বকাপ গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো মার্টিনেজ। তবে হুলিয়ান আলভারেজও সমানভাবে বিবেচনায় রয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত এই পজিশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাম্প্রতিক গোলের সুবাদে লাউতারো কিছুটা এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, রাইটব্যাক নাহুয়েল মলিনা এবং মিডফিল্ডে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।
