রাউন্ড অব ৩২
অবিশ্বাস্য সব ঘুরে দাঁড়ানোর গল্প
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা গেল রাউন্ড অব ৩২। দ্বিতীয় পর্বের ১৬ খেলার চারটিতেই পিছিয়ে পড়া দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখল ফুটবল বিশ্ব। বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে আগে কখনোই এমনটা দেখা যায়নি।
এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে সেলেসাওরা। কাইসু সানোর গোলে লিড নেয় জাপান, ব্রাজিল তখন দিশেহারা।
সেখান থেকে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। কাসেমিরোর গোলে সমতা ফেরেন। ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মার্তিনেল্লির গোলে দারুণ এক জয় পায় ব্রাজিল।
এক গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ডও। হ্যারি কেইনদের হতবাক করে ৭তম মিনিটে ব্রায়ান সিপেনাগার গোলে লিড নেয় ডিআর কঙ্গো। এই লিড তারা ধরে ছিল ৭৪ মিনিট পর্যন্ত। ৭৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান কেইন। সেই কেইনই ৮৬ মিনিটে করেন জয়সূচক গোল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়াটরা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। ৯৪ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন গন্সালো রামোস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ক্রোয়েশিয়া গোল পেলেও বিতর্কিত এক ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় গোল, কপাল পোড়ে লুকা মদরিচদের।
এই রাউন্ডের সবচেয়ে নাটকীয় ফলাফল এসেছে বেলজিয়াম-সেনেগাল ম্যাচে। দিয়ারা ও সারের গোলে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের দিকে হাঁটছিল সেনেগাল। ৮৬ মিনিটে গোল করে ব্যবধান কমান লুকাকু। ৮৯ মিনিটে টিলেমানসের গোলে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। অতিরিক্ত সময়ের ১২৫ মিনিটের মাথায় বিতর্কিত এক পেনাল্টি পায় ডি ব্রুইনারা। সেখান থেকে গোল করে বেলজিয়ামকে শেষ ১৬তে নিয়ে আসেন টিলেমানস।
