×

ফুটবল

শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে, সুপার কম্পিউটারের চোখে এগিয়ে কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে, সুপার কম্পিউটারের চোখে এগিয়ে কারা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল নামছে এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যাদের সঙ্গে ইতিহাসটা মোটেও স্বস্তির নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখনো নরওয়েকে হারাতে পারেনি। আগের চার দেখায় দুই ড্র, দুই হার। তবু শেষ ষোলোর এই লড়াইয়ের আগে সম্ভাবনার অঙ্কে এগিয়ে রাখা হচ্ছে ব্রাজিলকেই।

রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। একদিকে ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, মাতেউস কুনিয়া, ব্রুনো গিমারায়েসদের ব্রাজিল; অন্যদিকে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। কাগজে-কলমে ব্রাজিল শক্তিশালী হলেও ম্যাচের গল্পটা এত সরল নয়।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার অবশ্য শেষ আটে ওঠার দৌড়ে এগিয়ে রাখছে কার্লো আনচেলত্তির দলকে। ২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফল সিমুলেশন চালিয়ে অপটার পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

শুধু ৯০ মিনিটের হিসাব নয়, সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাতেও ব্রাজিল এগিয়ে। অপটার হিসাবে, ব্রাজিলের শেষ আটে ওঠার সম্ভাবনা ৬৫.৬ শতাংশ। নরওয়ের ক্ষেত্রে সেই সম্ভাবনা ৩৪.৫ শতাংশ। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা মেক্সিকোর মুখোমুখি হবে।

ব্রাজিলের পক্ষে কথা বলছে বিশ্বকাপের শেষ ষোলোর ইতিহাসও। এই পর্বে নিজেদের শেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে সেলেসাওরা। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল তারা।

তবে নরওয়েকে হালকা করে দেখার সুযোগ নেই। এই বিশ্বকাপেই তারা নিজেদের ইতিহাস লিখেছে। শেষ ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে নরওয়ে। সেই ম্যাচের জয়সূচক গোলটি করেছিলেন হালান্ড।

হালান্ডের ফর্মই ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তার জায়গা। নরওয়ের হয়ে টানা ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন তিনি। এই সময়ে তার গোলসংখ্যা ২৫। ব্রাজিলের বিপক্ষেও গোল পেলে এবারের বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়বেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। ১৯৯৮ সালে ইতালির ক্রিশ্চিয়ান ভিয়েরির পর কোনো ইউরোপিয়ান খেলোয়াড় বিশ্বকাপের প্রথম চার ম্যাচে গোল করতে পারেননি।

হালান্ডের পেছনে থাকবেন নরওয়ের আরেক বড় অস্ত্র মার্টিন ওডেগার্ড। আর্সেনালের এই মিডফিল্ডার আইভরি কোস্টের বিপক্ষে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের বিপক্ষেও অ্যাসিস্ট করতে পারলে টানা চার বিশ্বকাপ ম্যাচে অ্যাসিস্টের কীর্তি গড়বেন তিনি। হালান্ডের ফিনিশিং আর ওডেগার্ডের সৃজনশীলতা, এই জুটিই নরওয়ের সবচেয়ে বড় ভরসা।

ব্রাজিলের জন্য উদ্বেগের জায়গাও কম নয়। শেষ ম্যাচে জাপানের বিপক্ষে খুব স্বচ্ছন্দ ছিল না আনচেলত্তির দল। পিছিয়ে পড়ার পর কাসেমিরোর গোলে সমতা ফেরায় ব্রাজিল, এরপর শেষ দিকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জেতে। ফল এসেছে, কিন্তু পারফরম্যান্স পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি।

সেই ম্যাচে আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ব্রুনো গিমারায়েস। মার্তিনেল্লির জয়সূচক গোলের পাসটি আসে তাঁর কাছ থেকেই। চলতি বিশ্বকাপে ব্রুনোর অ্যাসিস্ট এখন চারটি। ১৯৬৬ সালের পর এক বিশ্বকাপে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্ট আছে শুধু পেলের, ১৯৭০ বিশ্বকাপে করেছিলেন ছয়টি।

মাঝমাঠে ব্রুনোর পরিশ্রম, পাসের গতি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্রাজিলকে ভারসাম্য দিচ্ছে। তবে আক্রমণভাগ নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। চলতি বিশ্বকাপে চার ম্যাচে ব্রাজিল গড়ে ম্যাচপ্রতি ১৫টি শট নিয়েছে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন গড়। অর্থাৎ বলের দখল ও তারকাখ্যাতি থাকলেও আক্রমণের ধার এখনো প্রত্যাশামতো ধারালো হয়নি।

নরওয়ের বড় দুর্বলতা আবার রক্ষণে। তারা এই বিশ্বকাপের চার ম্যাচেই গোল করেছে, কিন্তু চার ম্যাচেই গোল হজমও করেছে। দ্রুতগতির ব্রাজিলিয়ান আক্রমণভাগের বিপক্ষে এই দুর্বলতা বড় বিপদ ডেকে আনতে পারে। ভিনিসিয়ুসের গতি, কুনিয়ার বক্সের ভেতরের মুভমেন্ট, নেইমারের সৃজনশীলতা এবং মার্তিনেল্লির তৎপরতা নরওয়ের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে।

তবে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস ব্রাজিলকে সতর্ক রাখবে। আগের চার ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয় নেই। ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হারের স্মৃতিও এখনো পরিসংখ্যানের পাতায় আছে। আরও একটি অস্বস্তির তথ্য, ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারানোর পর ইউরোপিয়ান দলের বিপক্ষে বিশ্বকাপের নকআউটে টানা ছয়বার বিদায় নিয়েছে ব্রাজিল।

সব মিলিয়ে অপটার সুপার কম্পিউটার ব্রাজিলকে এগিয়ে রাখলেও ম্যাচের বাস্তবতা সহজ নয়। সম্ভাবনার হিসাবে সেলেসাওরা ফেভারিট, কিন্তু ইতিহাস, হালান্ডের ফর্ম এবং ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক নকআউট ব্যর্থতা এই ম্যাচকে আরও জটিল করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’

রাশেদ খাঁন ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই

মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

ছাগলকাণ্ড মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App