মিশর কোচ
আর্জেন্টিনা দুর্দান্ত, তবে ফুটবলে সবই সম্ভব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
চ্যালেঞ্জ যত কঠিনই হোক, ফুটবলে সবই সম্ভব বললেন মিশরের কোচ হোসাম হাসান। আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচের জয়ী দল পাবে কোয়ার্টার-ফাইনালের টিকিট। আর হেরে যাওয়া দলে ধরতে হবে বাড়ি ফেরার বিমান।
মিশরের কোচ হোসাম হাসান বলেন, আর্জেন্টিনা একটি দুর্দান্ত দল এবং বর্তমান চ্যাম্পিয়ন, তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের অনেক বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং আমরা জানি, ম্যাচটি কোনো দলের জন্যই সহজ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না।
বিশ্বকাপে অপরাজিত পথচলায় মিশরের সামনে এবার কঠিন পরীক্ষা। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মিশর নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
মিশরের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। এবারই বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পর নক আউট পর্বে প্রথম জয়ও পেয়েছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারলে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাবে ফারাওরা।
তবে এজন্য কাজটা ভীষণ চ্যালেঞ্জিং। কারণ নিজেদের সবশেষ ১০ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুই গোল করেছে আর্জেন্টিনা। বিপরীতে মিশরের রক্ষণ অবশ্য দারুণ। চলতি বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের কোনোটিতে ১ গোলের বেশি হজম করেনি তারা।
সব মিলিয়ে শেষ ষোলোর লড়াইয়ে জমজমাট এক ম্যাচ হয়তো অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। আর সেটি জয়ের পূর্ণ বিশ্বাসই আছে মিশরের কোচ হোসাম হাসানের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই কথাই জোর দিয়ে বললেন মিশর কোচ।
বর্তমানে কোচ হিসেবে মিশরকে এগিয়ে নেওয়া হোসান হাসান খেলোয়াড়ি জীবনেও ছিলেন বেশ সফল। মিশর জাতীয় দলের হয়ে ৬৯ গোল করেছিলেন তিনি। যা এখনও আন্তর্জাতিক ফুটবলে দেশটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।
এই রেকর্ড এখন ভেঙে যাওয়ার সামনে। এরই মধ্যে মিশরের জার্সিতে ৬৮ গোল করেছেন মোহামেদ সালাহ। আর মাত্র ২ গোল করলেই নিজ দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন সালাহ। সেই সুযোগ তিনি পাচ্ছেন আর্জেন্টিনার বিপক্ষেই।
সালাহর রেকর্ড হোক বা না হোক, দেশবাসীকে আনন্দ দেওয়ার লক্ষ্যের কথা বললেন মিশরের কোচ।
তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আমি অনেক কিছু অর্জন করেছি। কোচ হিসেবেও আরও সাফল্য পেতে পেরে আমি আনন্দিত। মিশরীয় জনগণকে তাদের জাতীয় দলের জন্য গর্বিত করে তোলাই আমাদের লক্ষ্য এবং আমরা তা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।
