×

ফুটবল

ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, নতুন বিতর্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে মাঠে নামছে মরক্কো ও ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এক নজিরবিহীন ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফ্রান্স ও মরক্কোর ম্যাচে দায়িত্বে থাকা ম্যাচ অফিশিয়ালের সবাই আর্জেন্টিনার।

চলতি ২০২৬ বিশ্বকাপের ৯৬টি ম্যাচ পেরিয়ে এই প্রথম কোনো একটি ম্যাচের দায়িত্বে থাকা পাঁচজন অফিশিয়ালের সবাই একই দেশের। এর আগে একই দেশের অন-ফিল্ড রেফারি দেখা গেলেও, পুরো পাঁচ সদস্যের অফিশিয়াল প্যানেল একই দেশের হওয়ার ঘটনা এবারই প্রথম।

ফিফার ঘোষণাটি এমন সময় আসলো যখন মিশর ও আর্জেন্টিনার ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে রয়েছে। মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেলেও মিশরের খেলোয়াড় ও কোচ রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানান।

ফ্রান্স ম্যাচের রেফারিদের তালিকা ফিফা প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সবশেষ দুটি বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও আর্জেন্টিনাই একে অপরের মুখোমুখি হয়েছিল। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় কিলিয়ান এমবাপের ফ্রান্স ৪-৩ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ৩-৩ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় লিওনেল মেসির দল।

ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘ফিফার কোনো লজ্জা নেই।’

শুক্রবার বোস্টনে ফ্রান্স ও মরক্কোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেল্লো। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকছেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়াল হিসেবে দারিও হেরেরা ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে ক্রিস্টিয়ান নাভারো থাকবেন।

সাধারণত যেকোনো পক্ষপাতিত্বের বিতর্ক এড়াতে বিশ্বকাপের হাইভোল্টেজ নকআউট ম্যাচগুলোতে বিভিন্ন দেশের নিরপেক্ষ রেফারিদের মিলিয়ে একটি প্যানেল তৈরি করা হয়।

ফিফার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা ক্ষোভ উগরে দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টিনার রেফারি! ফিফা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য সব রকম চেষ্টা করছে।’

আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘ফিফা এখন আর কিছুই লোকায় না। সব আর্জেন্টাইন! ভিএআর চেক করার জন্য মেসিকেও ডেকে নিলেই তো হয়!’

তবে মজার ব্যাপার হলো, মঙ্গলবার রাতে আর্জেন্টিনার সমর্থকেরাও ফিফার ওপর ক্ষোভ ঝাড়ছিলেন। কারণ মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ-১৬-র ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার এবং তাঁর দুই সহকারীও ছিলেন ফরাসি।

অনলাইন দুনিয়ায় এত ঝড় উঠলেও ফরাসি দল কিন্তু এই রেফারি বিতর্ক নিয়ে একদমই মাথা ঘামাচ্ছে না। ফরাসি ডিফেন্ডার দায়ো উপামেকানো ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে বলেন, ‘রেফারি কে হবেন, তা নিয়ে আমি একদমই ভাবছি না। আমরা আগেও কখনো তা করিনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর ওপর। আমরা ম্যাচটি জিততে চাই, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দলের তৃতীয় পছন্দের গোলকিপার রবিন রিসারও একই সুরে বলেন, ‘আমাদের মনগড়া সন্দেহে ভোগা উচিত নয়। জল ঘোলা করাটা আপনাদের (সংবাদমাধ্যমের) কাজ, আমাদের নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

ভোলার ৬ রুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত

ভোলার ৬ রুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন  আক্রান্ত ৯০২

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App