নাটকীয় জয়ে ফ্রান্সের মুখোমুখি স্পেন! বেলজিয়ামের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:১২ এএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না বেলজিয়াম! ৮৮ মিনিট পর্যন্ত লড়াই করেও শেষ রক্ষা হয়নি। বদলি নেমে আবারও নায়ক মিকেল মেরিনো। তাঁর শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠে গেছে স্পেন।
ম্যাচের শুরু থেকেই বলের দখল, আক্রমণ আর সুযোগ সবকিছুতেই এগিয়ে ছিল স্পেন। ৩০ মিনিটে দানি ওলমোর শট ঠেকালেও ফিরতি বলে জোরালো শটে গোল করেন ফাবিয়ান রুইজ। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। কিন্তু ৪১ মিনিটে কেভিন ডি ব্রুইনের তৈরি আক্রমণ থেকে চার্লস ডি কেটেলারে হেডে সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।ক
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন। বেলজিয়াম রক্ষণ সামলালেও ৮৮ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। পাও কুবার্সির শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্স ঠিকমতো ধরে রাখতে পারেননি। ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে জাল কাঁপান বদলি মিকেল মেরিনো। সেই গোলেই ২-১ ব্যবধানে জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করে স্পেন।
স্পেনের হয়ে দুর্দান্ত খেলেছেন রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল ও দানি ওলমো। পুরো ম্যাচে আক্রমণের চাপ ধরে রেখেছিল তারা। অন্যদিকে বেলজিয়ামের হয়ে ডি কেটেলারে, ডি ব্রুইনে ও কুর্তোয়া (চোট পাওয়ার আগে) ভালো খেললেও শেষ পর্যন্ত দলকে বাঁচাতে পারেননি।
এই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট ছিল থিবো কুর্তোয়ার চোট। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তাঁর বদলি সেনে ল্যামেন্স শেষ মুহূর্তে শট নিয়ন্ত্রণে ব্যর্থ হন, আর সেই ভুলই বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেয়। অন্যদিকে মিকেল মেরিনো টানা দ্বিতীয় নকআউট ম্যাচে বদলি নেমে জয়সূচক গোল করে এখন স্পেনের ‘সুপার সাব’ হিসেবে আলোচনায়।
এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। এবার তাদের সামনে ইউরোপের আরেক পরাশক্তি ফ্রান্স।
