ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে পরিচিত আকাশি-সাদা জার্সিতে নয়, গাঢ় নীল পোশাকে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধের পর দ্বিতীয় জার্সি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।
ফিফার প্রকাশিত ম্যাচ কালার তালিকা অনুযায়ী, সেমিফাইনালে স্বাগতিক হিসেবে বিবেচিত ইংল্যান্ড তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরবে। অন্যদিকে আর্জেন্টিনার জার্সি হবে গাঢ় নীল ও কালো রঙের।
আর্জেন্টিনার এই জার্সি বেছে নেওয়ার পেছনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের কিছু স্মরণীয় অধ্যায়। ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিকে অনেক আর্জেন্টাইন সমর্থক সৌভাগ্যের প্রতীক হিসেবেও মনে করেন।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই সবচেয়ে বড় স্মৃতি তৈরি হয়েছিল। মেক্সিকো সিটিতে নীল জার্সি পরে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দুটি গোলই করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। প্রথম গোলটি ছিল বহুল আলোচিত ‘হ্যান্ড অব গড’, আর দ্বিতীয়টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে পরিচিত ‘গোল অব দ্য সেঞ্চুরি’।
এরপর ১৯৯৮ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে গাঢ় নীল জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে জয় পায় আলবিসেলেস্তেরা।
চলতি বিশ্বকাপেও একবার নীল জার্সি পরে মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে সেই ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা।
অবশ্য ফুটবলে জার্সি কখনোই ম্যাচের ফল নির্ধারণ করে না। তবে বড় ম্যাচে ইতিহাস, ঐতিহ্য ও মানসিক আত্মবিশ্বাসের দিক থেকে প্রতীকী গুরুত্ব থাকে। সেই কারণেই ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি বেছে নিতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
