বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া যেন ১০টি সিগারেট খাওয়া!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে নিউইয়র্ক সিটির বায়ু। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সেখানে একদিন বাইরে অবস্থান করে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন বায়ুদূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রনি।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) সাবেক এই কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের আগে জনস্বাস্থ্য নিয়ে সতর্কবার্তা দেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা জারির আহ্বান জানান তিনি।
পেট্রনি বলেন, ‘এটা বলা যুক্তিসঙ্গত যে, আজ নিউইয়র্ক সিটিতে সারাদিন বাতাসে শ্বাস নেওয়া মানে প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতির মুখে পড়া।’
তিনি জানান, বায়ুর মান সূচক (AQI) বিবেচনা করেই এই হিসাব করা হয়েছে। তার মতে, সাধারণভাবে AQI সূচকে প্রতি ২০ পয়েন্ট বৃদ্ধি প্রায় একটি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির সঙ্গে তুলনীয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে থাকা অতিক্ষুদ্র দূষিত কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
পেট্রনির হিসাব অনুযায়ী, বিশ্বকাপ ফাইনাল, বিরতি, অতিরিক্ত সময় ও আনুষ্ঠানিকতা মিলিয়ে কেউ যদি প্রায় তিন ঘণ্টা বাইরে থাকেন, তাহলে তা প্রায় আড়াইটি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির কারণ হতে পারে।
বর্তমানে নিউইয়র্ক অঞ্চলের বায়ুর মান সূচক (AQI) ১৫১ থেকে ২০০-এর মধ্যে রয়েছে, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ।
হোয়াইট হাউস বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নজরে রাখা হলেও এখন পর্যন্ত নির্ধারিত সময়েই ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
