×

ফুটবল

ফাইনালের ভাগ্য বদলে দিতে পারে যে ৫ মুহূর্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফাইনালের ভাগ্য বদলে দিতে পারে যে ৫ মুহূর্ত

বিশ্বকাপ ফাইনাল কখনোই শুধু দুটি দলের লড়াই নয়। এটি কৌশল, স্নায়ুচাপ, মুহূর্তের সিদ্ধান্ত এবং ব্যক্তিগত নৈপুণ্যেরও পরীক্ষা। অনেক সময় পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করা দলও একটি ভুলে হেরে যায়, আবার এক ঝলক প্রতিভাই বদলে দেয় পুরো গল্প। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এবারের ফাইনালও এমনই এক লড়াই, যেখানে পাঁচটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে পারে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের নাম।

মেসিকে থামানোর ছক কতটা সফল হবে : প্রথমত; ফাইনালের সবচেয়ে বড় প্রশ- স্পেন কি লিওনেল মেসিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে? ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার অধিনায়ক শুধু গোলদাতা নন, পুরো দলের আক্রমণের কেন্দ্রবিন্দু। কখন ম্যাচের গতি কমাতে হবে, কখন হঠাৎ একটি পাসে রক্ষণ ভেঙে দিতে হবে- এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাকে অন্য সবার চেয়ে আলাদা করে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইতোমধ্যেই বলেছেন, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে থামানো সম্ভব নয়। তাই লাপোর্তে, কুবারসি, রদ্রি ও মাঝমাঠের অন্যদের মিলেই ছোট করতে হবে তার খেলার জায়গা। তবে এই পরিকল্পনারও ঝুঁকি আছে। মেসিকে ঘিরে ধরতে গিয়ে যদি অতিরিক্ত খেলোয়াড় টেনে আনে স্পেন, তাহলে লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস কিংবা আক্রমণে উঠে আসা এনজো ফার্নান্দেজের জন্য ফাঁকা জায়গা তৈরি হতে পারে। তাই মেসিকে থামানোর চেষ্টায় ভারসাম্য হারানো যাবে না।

দ্বিতীয়ত; ফাইনালের ছন্দ অনেকটাই নির্ধারণ করবে মাঝমাঠ। স্পেনের রদ্রি বলের গতি নিয়ন্ত্রণে অসাধারণ। তার পায়ের মাধ্যমে আক্রমণ শুরু হয়, আবার প্রতিপক্ষের আক্রমণও থেমে যায়। অন্যদিকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার সবচেয়ে কর্মঠ মিডফিল্ডারদের একজন। বল পুনরুদ্ধার, দ্রুত ট্রানজিশন এবং আক্রমণে যোগ দেয়া- সব ক্ষেত্রেই তিনি কার্যকর।

এই লড়াই শুধু দুই ফুটবলারের নয়; এটি দুই দলের খেলার ছন্দের লড়াই। রদ্রি যদি নিজের মতো করে ম্যাচ চালাতে পারেন, তাহলে স্পেন বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকবে। আর এনজো যদি মাঝমাঠে চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে দ্রুত পাল্টা আক্রমণে ভয়ংকর হয়ে উঠবে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের ভাগ্য অনেকটাই নির্ভর করতে পারে মাঝমাঠের আধিপত্যের ওপর।

তৃতীয়ত; স্পেনের সবচেয়ে বড় আক্রমণাত্মক অস্ত্র লামিন ইয়ামাল। ডান প্রান্তে তার গতি, ড্রিবলিং এবং একের বিপক্ষে এক লড়াইয়ে সফল হওয়ার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। ফ্রান্সের বিপক্ষেও তার গতিশীলতাই স্পেনের আক্রমণে ধার এনে দেয়। তাকে থামানোর দায়িত্ব থাকবে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর। তবে কাজটি শুধু একজন ডিফেন্ডারের নয়। আর্জেন্টিনার বাম দিকের মিডফিল্ডার ও সেন্টারব্যাকদেরও নিয়মিত কাভার দিতে হবে। ইয়ামাল যদি বারবার জায়গা পান, তাহলে স্পেনের আক্রমণ অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। আবার তাকে প্রান্তেই আটকে রাখতে পারলে স্পেনের সৃজনশীলতার বড় একটি উৎস বন্ধ হয়ে যাবে।

চতুর্থত; বিশ্বকাপ ফাইনালে ওপেন প্লে থেকে সুযোগ কমই তৈরি হয়। তাই কর্নার, ফ্রি-কিক কিংবা লম্বা থ্রো-ইন অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। একটি নিখুঁত কর্নার, একটি সঠিক হেড কিংবা রক্ষণে একটি ভুল মার্কিংই বদলে দিতে পারে পুরো ম্যাচ। আর্জেন্টিনা ও স্পেন- দুই দলই টুর্নামেন্টজুড়ে সেট-পিসে পরিকল্পিত ফুটবল খেলেছে। তাই ম্যাচ যতই জমাট হোক না কেন, একটি স্থির বলের পরিস্থিতিই শিরোপার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

পঞ্চমত; আধুনিক ফুটবলে শুরুর একাদশের মতোই গুরুত্বপূর্ণ বদলি বেঞ্চ। দীর্ঘ টুর্নামেন্টের শেষে ক্লান্তি, ম্যাচের গতি কিংবা অতিরিক্ত সময়- সবকিছু বিবেচনায় বদলি খেলোয়াড়দের ভূমিকা অনেক বেড়ে যায়। স্কালোনি ও দে লা ফুয়েন্তে দুজনই পুরো বিশ্বকাপে একাধিক ম্যাচে বদলি খেলোয়াড় নামিয়ে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

ফাইনালে তাই শুধু কে শুরু করবে, সেটিই নয়; বরং শেষ ২০ মিনিটে কে মাঠে নামবে, কোন কোচ আগে কৌশল বদলাবেন এবং কার বেঞ্চ বেশি কার্যকর হবে- এসবও নির্ধারণ করতে পারে ট্রফির গন্তব্য। বিশ্বকাপ ফাইনাল শেষ পর্যন্ত অনেক সময় কোনো একটি মুহূর্তের গল্প। একটি অসাধারণ সেভ, একটি নিখুঁত পাস, একটি সাহসী বদলি কিংবা একটি অনবদ্য ফিনিশিংই হয়ে ওঠে ইতিহাস। তাই নিউজার্সির এই মহারণে পাঁচটি জায়গার লড়াই হয়ত পুরো ম্যাচের চিত্রই বদলে দেবে। বিশ্বকাপের সোনালি ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, তার উত্তর লুকিয়ে থাকতে পারে এই পাঁচ মুহূর্তের মধ্যেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে

সাদিক কায়েম জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App