×

ফুটবল

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

ফাইল ছবি

লিওনেল মেসি আবারও ফিরছেন সেই মাঠে, যেখানে তিনি নিজের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন। এক দশক আগে যে কান্না পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, ভাগ্য যেন এবার সেই একই মঞ্চে তার সামনে হাজির করেছে আরেকটি বড় চ্যালেঞ্জ।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু একটি শিরোপা নির্ধারণী ম্যাচই নয়, বরং দুই দলের সোনালি প্রজন্মের জন্য ইতিহাস গড়ার সুযোগ। তবে লিওনেল মেসির জন্য নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আবেগীয় গুরুত্ব অন্য সবার চেয়ে অনেক বেশি।

এই বিশাল স্টেডিয়ামটিই রোজারিওর সন্তান মেসির ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতির সাক্ষী। গোল ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন অধিনায়ক আবার ফিরছেন সেই মাঠে, যেখানে তিনি প্রকাশ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। এই ফেরার মধ্য দিয়ে যেন আবারও জেগে উঠছে বহুদিনের চাপা পড়ে থাকা এক ক্ষত।

এই মানসিক ক্ষতের শুরুটা বুঝতে হলে ফিরে যেতে হবে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালে। সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর সেই লড়াই শেষ হয়েছিল আলবিসেলেস্তেদের জন্য সবচেয়ে হতাশাজনকভাবে।

টাইব্রেকারে নিজের শটটি মিস করেন মেসি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় চিলি, আর গভীর হতাশায় ডুবে যান আর্জেন্টাইন অধিনায়ক। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল সেই হৃদয়বিদারক দৃশ্য—এই মেটলাইফ স্টেডিয়ামেরই বদলি বেঞ্চে বসে অঝোরে কাঁদছিলেন তিনি, হতাশায় পুরোপুরি ভেঙে পড়েছিলেন।

সেই আঘাত এতটাই গভীর ছিল যে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ‘জাতীয় দলের সঙ্গে আমার পথ এখানেই শেষ। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তার এই কথাগুলো মুহূর্তেই পুরো আর্জেন্টিনাকে নাড়িয়ে দেয় এবং বিশ্ব ফুটবলেও সৃষ্টি করে তীব্র আলোড়ন।

মেসির সেই অবসরের ঘোষণা আর্জেন্টিনাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। তাকে সিদ্ধান্ত বদলানোর আহ্বানে শুরু হয় দেশজুড়ে এক অভূতপূর্ব প্রচারণা। লাখো সমর্থকের ভিড়ে ছিলেন মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, যিনি তখন রিভার প্লেটের যুব দলে খেলতেন।

সেই কিশোরই বর্তমান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিজের আদর্শ খেলোয়াড়কে এভাবে বিদায় নিতে দেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছিলেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনা।

চেলসির বর্তমান এই মিডফিল্ডার সেখানে লিখেছিলেন, ‘আপনি যা ইচ্ছা করুন, লিওনেল। কিন্তু অনুগ্রহ করে থেকে যাওয়ার বিষয়টি আরেকবার ভাবুন। আনন্দ নিয়ে খেলুন। কারণ মানুষ আপনার কাছ থেকে সেই আনন্দটাই কেড়ে নিয়েছে।‘

বিশ্বকাপ ফাইনালের আগে সেই চিঠিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে পুরো জাতির পক্ষ থেকে মেসির কাছে ক্ষমাও চেয়েছিলেন এনজো।

এক দশক পর জীবন ও ফুটবল আবারও একই মঞ্চে এনে দাঁড় করিয়েছে এই দুই ফুটবলারকে। যে এনজো একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ করেছিলেন, তিনিই এখন মাঠে অধিনায়কের অন্যতম ভরসা। ডিএজেডএন-সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের মতে, এই বিশ্বকাপ ফাইনাল যেন এক অসাধারণ কাব্যিক পরিণতির গল্প। মেসি এবার মেটলাইফ স্টেডিয়ামে ফিরছেন বিদায় জানাতে নয়, বরং উত্তর আমেরিকার মাটিতে অপূর্ণ থেকে যাওয়া হিসাব চুকিয়ে দিতে।

লিওনেল স্কালোনির দল পুরো টুর্নামেন্টজুড়ে কঠিন বাধা পেরিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে পৌঁছেছে। তবে যে মাঠে একদিন মেসির চোখের জল ঝরেছিল, সেখানে এবার মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখবে। এবার প্রতিপক্ষ স্পেন—যে দলটিকে বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় খেলায় খুব ভালোভাবেই চেনেন মেসি। ইএসপিএন-এর বিশ্লেষকদের মতে, এই ম্যাচে এমন সব উপাদান রয়েছে, যা এটিকে একটি যুগের নিখুঁত সমাপ্তিতে পরিণত করতে পারে।

গোটা বিশ্বের দৃষ্টি থাকবে ম্যাচ শুরুর আগেই মেসির প্রতিটি পদক্ষেপের দিকে। নিউ জার্সির এই স্টেডিয়ামকে ঘিরে থাকা রহস্যময় আবহ ফাইনালটিকে আরও নাটকীয় করে তুলেছে। ফুটবল প্রায়ই দ্বিতীয় সুযোগ দেয়। আর এবার লিওনেল মেসির সামনে সেই সুযোগ—নিজের জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিকে ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় মুহূর্তে রূপান্তর করার। এনজো ফার্নান্দেজ ও সতীর্থদের সঙ্গে তিনি চাইবেন, মেটলাইফ স্টেডিয়াম যেন শেষ পর্যন্ত তার অমর গৌরবের মঞ্চ হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App