বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানী মাদ্রিদে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে ছিল উৎসবমুখর পরিবেশ।
বিমান থেকে নেমেই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। এ সময় তার পাশে ছিলেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফও ট্রফি নিয়ে ছবি তোলেন।
রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল লা রোজারা।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়নও স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করল দলটি।
বিশ্বচ্যাম্পিয়নদের সম্মানে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে। সূচি অনুযায়ী, দলটি প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে বিজয় শোভাযাত্রায় অংশ নেবে।
স্প্যানিশ গণমাধ্যমের ধারণা, রাজধানী মাদ্রিদে আয়োজিত এই উদযাপনে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেবেন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জনসমাগমে পরিণত হতে পারে।
