×

ফুটবল

মেসির শূন্যস্থান পূরণে আলোচনায় যে ৪ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

মেসির শূন্যস্থান পূরণে আলোচনায় যে ৪ জন

ছবি : সংগৃহীত

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তির পর দেশটির ফুটবলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়—কে হবেন এই কিংবদন্তির উত্তরসূরি? মেসির মতো হুবহু একজন ফুটবলার খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হলেও তার কাছাকাছি প্রতিভা ও খেলার ধরন থাকা কয়েকজন তরুণকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরির তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চার ফুটবলার।

লিওনেল মেসি শুধু গোল করার জন্যই বিখ্যাত ছিলেন না, সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতেও ছিলেন অনন্য। অসাধারণ পাস, ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে। তাই তার শূন্যস্থান পূরণ করা যে কোনো ফুটবলারের জন্যই বড় চ্যালেঞ্জ।

এর আগে দিয়েগো ম্যারাডোনার বিদায়ের পর মেসির মতো একজন মহাতারকা পেতে আর্জেন্টিনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। এবারও হয়তো মেসির মতো হুবহু কাউকে পাওয়া যাবে না, তবে নতুন প্রজন্মের কয়েকজন ফুটবলার ভবিষ্যতে দলের নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

পাউলো দিবালা

মেসির ক্যারিয়ারের মধ্যগগন থেকেই পাউলো দিবালাকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। বাঁ পায়ের এই ফুটবলার সাধারণত ডান প্রান্ত থেকে খেলতে পছন্দ করেন এবং ভেতরে ঢুকে আক্রমণ তৈরি করার দক্ষতা রয়েছে তার।

ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলে দীর্ঘ সময় নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি দিবালা। দুই বিশ্বকাপ মিলিয়ে তার খেলার সময়ও ছিল সীমিত। ২০২৬ বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। চলতি মৌসুমে গোল না পেলেও ফিওরেন্তিনার বিপক্ষে তিনটি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় অভিজ্ঞ এই ফুটবলারকে বিবেচনায় রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

নিকো পাজ

তরুণ প্রজন্মের মধ্যে নিকোলাস পাজকে অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি।

বর্তমানে কোমোর হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলছেন নিকো পাজ। মাঝমাঠে খেলা তৈরি, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণে ভূমিকা রাখার দক্ষতার কারণে তাকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভাবছে আর্জেন্টিনা।

বয়স ও প্রতিভার বিচারে মেসির উত্তরসূরি হওয়ার আলোচনায় নিকো পাজকে বেশ এগিয়ে রাখা হচ্ছে।

ফ্রাঙ্কো মাস্তানতুওনো

একসময় আর্জেন্টিনার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারদের একজন হিসেবে আলোচনায় ছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে ঘিরে প্রত্যাশাও বেড়ে যায়।

তবে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ারে কিছুটা ছন্দপতন ঘটেছে। রিয়াল মাদ্রিদে নিয়মিত সুযোগ না পাওয়ার পর তিনি ফিওরেন্তিনায় পাড়ি জমান। সেখানে নিজের সেরা ছন্দ ফিরে পেলে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।

তরুণ বয়স এবং আক্রমণভাগে সৃজনশীলতার কারণে মেসির শূন্যস্থান পূরণের সম্ভাব্য তালিকায় রয়েছেন মাস্তানতুওনো।

ক্লদিও এচেভেরি

‘দিয়াবলিতো’ নামে পরিচিত ক্লদিও এচেভেরি আলোচনায় আসেন ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে। ১০ নম্বর জার্সিতে তার খেলার ধরন দেখে অনেক আর্জেন্টাইন গণমাধ্যম তখনই তাকে ‘নতুন মেসি’ হিসেবে আখ্যা দিয়েছিল।

এরপর ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেও প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এই তরুণ। গত দুই মৌসুমে ধারে বেয়ার লেভারকুসেন ও জিরোনায় খেলেছেন তিনি। বর্তমানে আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরেছেন এচেভেরি।

ক্লাব পর্যায়ে নিয়মিত খেলার সুযোগ ও কোচের আস্থা অর্জন করতে পারলেই জাতীয় দলে ফেরার পথ সহজ হবে তার জন্য। বয়স এখনো কম হওয়ায় সম্ভাবনার দরজা বন্ধ হয়ে যায়নি।

মেসির মতো একজন ফুটবলার হয়তো আর কখনো পাওয়া সম্ভব নয়। তবে দিবালার অভিজ্ঞতা, নিকো পাজের সৃজনশীলতা, মাস্তানতুওনোর প্রতিভা এবং এচেভেরির সম্ভাবনা—এই চার ফুটবলারকে ঘিরেই ভবিষ্যতের আর্জেন্টিনার স্বপ্ন দেখতে পারে ফুটবলপ্রেমীরা।

এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে এদের মধ্যে কে নিজেকে সবচেয়ে বেশি বিকশিত করে আর্জেন্টিনার নতুন প্রজন্মের প্রধান তারকা হয়ে উঠতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু

চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‎পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

‎পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App