ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরো জোরদার করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণও ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আরো পড়ুন : স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ
সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে ব্যাপক লিফলেট ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্পৃক্ত করে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত তদারকি করা।
এ ছাড়া এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা, নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা জোরদার, লার্ভা শনাক্ত হওয়া স্থানগুলোতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং মনিটরিং ও তদারকি কার্যক্রম আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত ও কার্যকর প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে সম্প্রতি জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।
