খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু নিয়ে বাংলাদেশের অবস্থান নতুন করে তুলে ধরা হয়েছে। তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা এবং ইরানের জনগণের প্রতি সংহতির কথা জানান।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সহমর্মিতা প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পিকার হাফিজ উদ্দিন সাম্প্রতিক আঞ্চলিক শান্তি উদ্যোগ এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে সংশ্লিষ্টদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন স্পিকার। তিনি সংলাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধপূর্ণ বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) ইরানে আয়োজিত রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তেহরানে পৌঁছান স্পিকার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর বাংলাদেশের প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়। প্রথমদিকে শোক প্রকাশের পর এবার ইরানে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের নিন্দার বিষয়টিও প্রকাশ্যে তুলে ধরা হয়েছে।
