সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনবিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পরিবহন, বন্দর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
বৈঠকে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের বর্তমান সরকার গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য প্রয়োজনীয় ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন শেখ রবিউল আলম।
এ ছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্প, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সম্প্রসারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
নৌপরিবহন খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বাংলাদেশ হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং বাকি ইয়ার্ডগুলোও পর্যায়ক্রমে সেই মানদণ্ডে উন্নীত করার কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের বৈশ্বিক উদ্যোগকে বাংলাদেশ সমর্থন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে উভয় পক্ষ সড়ক, রেল ও নৌপরিবহন, বন্দর উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
