শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিভিন্ন ইস্যুকে সামনে এনে পরিচয় গোপন করে একটি মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে অংশ নেওয়া সবার পরিচয় শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয়। প্রকৃত পরীক্ষার্থীরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে এবং সরকারও বিষয়টি সম্পর্কে অবগত। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে।
সালাহউদ্দিন আহমদ জানান, বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে তার জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা রাখা হবে।
আরো পড়ুন : বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল থাকার বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দুটি প্রশ্নে ত্রুটি পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তে অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্ট। পাশাপাশি শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান মন্ত্রী।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জনভোগান্তির বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরীক্ষা স্থগিত বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই ধারা অব্যাহত রাখতে চাইছেন। তবে শিক্ষার মান ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ড সরকার সমর্থন করবে না।
২০২৪ সালের আন্দোলনের মতো এবারও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে- এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। এসব অভিযোগের সত্যতা নেই এবং প্রকৃত ঘটনা সবাই দেখেছেন।
ঘটনার নেপথ্যে কারা রয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেছনে যারাই থাকুক, আমরা তো সামনে আছি।
এদিকে বিদেশে অবস্থানরত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও হাদি হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, ভারতে তিনজন এবং দুবাইয়ে একজন রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে এবং শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
