কৃষির সুবিধার্থে তারেক রহমান খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন: দুলু
কাগজ প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: ভোরের কাগজ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শুধু কৃষিপণ্য দিলে হবে না, পানি না পেলে কৃষক কীভাবে কৃষিদ্রব্য ফলাবে? তাই কৃষিপণ্য ফলানোর সুবিধার্থে তিনি (তারেক রহমান) খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন।’
শনিবার দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীর মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল, সিলিং ফ্যান, হুইলচেয়ার ও ১২০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি আমাদের কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবেন।
উনি আরও বলেছেন, আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষিপণ্য পাবে, ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সব সুযোগ-সুবিধা ভোগ করবে। অর্থাৎ বাংলাদেশের কৃষক সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে। এই কৃষকদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি নিয়েছিলেন। তারেক রহমান তা নতুন করে হাতে নিয়েছেন কৃষকদের জন্য।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।
