ডেপুটি স্পিকার
শুধুমাত্র চেতনার কারণে অনেককে হয়রানি করা হয়েছে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে হয়রানি করা হয়েছে। অনেক মানুষ সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক রাজনৈতিক কর্মী মিথ্যা মামলাকে আলিঙ্গন করে যখন সংগ্রাম করেছিলেন, তাঁদের নাজেহাল হতে হয়েছে। তাঁরা যেন আইনি সুবিধা না পান, সেজন্য বিধিব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছিল। আমরা আইনজীবী সমাজ সব সময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মনে করি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচার বিভাগ ও আইনজীবীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, বিগত দিনে অনেকেই আইনজীবী সমিতি ও আইনি কাঠামোকে ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। আমরা যেন সেসব বিষয় বাংলাদেশে পুনরাবৃত্তি না করি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। সেই আমরা যেন আইনি প্রথা নিজেরা ভঙ্গ না করি। আর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বার ও বেঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। বার এবং বেঞ্চ যখন শোল্ডার টু শোল্ডার কাজ করবে, তখনই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আপনার, আমার ও আমাদের যেসব মৌলিক অধিকার আছে, সেগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারব।
জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২৪–এর মহান গণঅভ্যুত্থান, রক্তক্ষয়ী যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র পেয়েছি। যে প্রত্যাশা নিয়ে আমার ভাই, আপনার ভাই রক্ত দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা যাতে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি, সেজন্য সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. মো. মাহফুজুর রহমান লাহুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, সদস্যসচিব অ্যাড. মোশাররফ হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহবুব মোরশেদ লালন প্রমুখ।
এর আগে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি) নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। দেশের প্রয়োজনে দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন তিনি।
সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, আমেরিকাপ্রবাসী সিপিএ রফিকুল ইসলাম, স্মার্ট ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মিনা ওলিউজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ডেপুটি স্পিকার। পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
