পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের পরিকল্পিতভাবেই রাষ্ট্রহীন করা হয়েছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গারা কোনো আকস্মিক পরিস্থিতির কারণে রাষ্ট্রহীন হয়নি; তাদের পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন করা হয়েছে। এটি একটি রাজনৈতিক সংকট এবং এর স্থায়ী সমাধানও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে এআরএফভুক্ত দেশগুলোর আরও কার্যকর, সমন্বিত ও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় সংলাপ ও কূটনীতির বিকল্প নেই। একই সঙ্গে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সব দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানালেন মোদি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা এবং ঝুঁকির বিষয়ও তুলে ধরেন। এ অঞ্চলের ভূরাজনৈতিক ও উন্নয়ন বাস্তবতা বিবেচনায় একটি আঞ্চলিক প্রযুক্তি শাসন (রিজিওনাল টেকনোলজি গভর্ন্যান্স) কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
এদিকে, এআরএফ বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানবিক সহায়তা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
