রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গুরুতর স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি শুক্রবার (২৪ জুলাই) স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।
শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পিকারের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে, যার কারণে মাঝে মাঝে তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।
চিঠিতে তিনি বলেন, বিভিন্ন শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
