সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু
কাগজ প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম
ফাইল ছবি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নধারা শুরু হয়েছে। আগামী ৫ বছর এমন কোনো স্কুল নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মন্দির নাই, এমন কোনো অন্য ধর্মের প্রতিষ্ঠান নাই, যেখানে সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সরকারের অর্থ দিয়ে আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করব।’
শনিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে একটাই অনুরোধ, ওই চুরি, ওই যে দুর্নীতি আওয়ামী লীগ করেছে। টাকায় টাকা ভাগ করে খাওয়ার হিসেব। সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় যেতে হবে।’
আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল
এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের ও অসহায় দরিদ্র দুঃস্থ ২৬৭ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৩ লাখ ৩৫ হাজার টাকার চেক ১৯৪ টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় তিন কোটি টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
