বাণিজ্যমন্ত্রী
দেশ গঠন ও অর্থনীতি সচল করাই এখন মূল চ্যালেঞ্জ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: ভোরের কাগজ
সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূর করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই এখন মূল লক্ষ্য।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।
আরও পড়ুন: মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। এরপর প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের শিল্প উৎপাদনের জন্য বিপুল পরিমাণ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। চাল ও কিছু কৃষিপণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ টন গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি একদিনে পূরণ করা সম্ভব নয়। তবে বাণিজ্যের মোট পরিমাণ বৃদ্ধি এবং নতুন নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে রপ্তানি খাত সম্প্রসারণের কাজ চলছে।
এরই অংশ হিসেবে সিলেটে নতুন বিসিক শিল্পনগরী তৈরির ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, দল নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকে। এটি কোনো সমন্বয়হীনতা নয়; বরং দলীয় শক্তি ও কৌশলকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যাচাই করে নতুন উদ্যম সৃষ্টির একটি প্রক্রিয়া। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূল অঙ্গীকার।
অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফিতা কেটে কার্যালয় উদ্বোধন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
