স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
দেশের সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ কাজে র্যাব, ডিজিএফআই, এসবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলমের ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা, খাবারের মানসহ সার্বিক বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি জানান, গত এক মাসে দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। অধিকাংশ হাসপাতালেই চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে। পাশাপাশি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
