এলজিআরডি মন্ত্রী
দেশের মূল অর্থনীতির মেরুদণ্ডের সূচনা করেছিলেন জিয়াউর রহমান
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: ভোরের কাগজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১/১১ থেকে শুরু করে সকল ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে। বিএনপিকে সরিয়ে দেশকে একটি কুক্ষিগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, তবে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট হল রুমে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান যে রাজনীতি করেছেন তা ছিল উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি। বর্তমান বাংলাদেশের মূল অর্থনীতির মেরুদণ্ডের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া দরকার। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নারী-শিশুর অধিকার রক্ষায় জিয়াউর রহমান যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলমের ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ
মন্ত্রী বলেন, জাপানের মতো শক্তিশালী দেশকে পিছনে ফেলে বিশ্ব নেতা হয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করছিলেন, তখনই একটি কুচক্রী মহল তাকে হত্যা করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। বিগত ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার উত্তরণ করা হবে। আগামীতে পাঁচটি ধাপের নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো পুনরুদ্ধারে কাজ চলমান আছে।
সদর আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত আসনের সাংসদ শিরিন সুলতানা প্রমুখ। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচিত সকল বক্তব্য পালনে দলের নেতা-কর্মীদের উদাত্ত আহ্বান জানান।
