১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। এ কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সি সব শিশুকে এক ডোজ করে এই টিকা দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিসিভি প্রয়োগ করা হবে। প্রতিটি শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলিলিটার মাত্রার এক ডোজ টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত টিকাদান সেশনে এমআর-২ টিকার পাশাপাশি একই সময়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনও দেওয়া যাবে।
টিকাদান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও চালু করা হয়েছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সি শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং 'VaxEPI' অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন।
