ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ৮৬ জন।
এর আগে, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন। ওই মাসে মৃত্যু হয় ১৪৮ জনের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভর্তি হয়েছেন ২৩৮ জন।
ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ২৩০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
