×

ইতিহাস ও ঐতিহ্য

আজ জুলাই শহীদ দিবস, স্মরণে আন্দোলনের শহীদরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

আজ জুলাই শহীদ দিবস, স্মরণে আন্দোলনের শহীদরা

ছবি: সংগৃহীত

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। একই দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরো কয়েকজন নিহত হন। এসব ঘটনার ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা এবং অন্যান্য আয়োজনে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হবে।

আরো পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

সেদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবং দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে নিহত হন কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার কর্মচারী মো. ফারুক। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে নিহত হন হকার মো. শাহজাহান ও সাবুজ আলী। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, ওই দিনে অন্তত ছয়জন প্রাণ হারান।

আরো পড়ুন: মেয়েদের শিক্ষাব্যবস্থা নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সহিংসতার মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যাত্রাবাড়ী, সায়েন্সল্যাব, প্রগতি সরণি, বাড্ডা, উত্তরা, মতিঝিল ও তাঁতীবাজারসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মহাখালীতে রেললাইন অবরোধের কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও সৃষ্টি হয় অবরোধ।

পরিস্থিতির অবনতি হলে সরকার ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া ও গাজীপুরে বিজিবি মোতায়েন করে। শিক্ষা মন্ত্রণালয় দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

১৬ জুলাইয়ের প্রাণহানির পর আন্দোলন আরও বিস্তৃত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে। মানবাধিকার সংগঠনগুলোও সহিংসতার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে।

পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি বৃহত্তর রাজনৈতিক সংকটে রূপ নেয়। শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। সেই ঐতিহাসিক দিনটির শহীদদের স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

এগিয়ে থেকেও কেন হারল ইংল্যান্ড ?

এগিয়ে থেকেও কেন হারল ইংল্যান্ড ?

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ৯ দিন পর খুলে দেওয়া হলো বান্দরবনের পর্যটনকেন্দ্র

টানা ৯ দিন পর খুলে দেওয়া হলো বান্দরবনের পর্যটনকেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App