ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেয়ার ঘোষণা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালের পর এবার ত্রিপুরার একটি হাসপাতালও সেই তালিকায়। শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন, কলকাতা, ত্রিপুরা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা চিকিৎসা করান। তবে, সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে শীতলতা সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশিদের চিকিৎসাসেবা প্রাপ্তির ওপর প্রভাব ফেলেছে। এরই মধ্যে কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেয়ার ঘোষণা দিয়েছে। এবার একই ঘোষণা এসেছে ত্রিপুরার আইএলএস হাসপাতাল থেকেও।
ত্রিপুরার আইএলএস হাসপাতালটি আগরতলায় অবস্থিত একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালটি বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া, হাসপাতালের হেল্প ডেস্কও বন্ধ করে দেয়া হয়েছে, যা আগে বাংলাদেশিদের জন্য ছিল।
আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয়দের দাবি অনুসারে তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, আগরতলার আখাউড়া চেকপোস্টে হাসপাতালের জন্য যে হেল্প ডেস্ক ছিল, তা আর চালু থাকবে না।
এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য হাসপাতালগুলোর এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে না, এ ধরনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি।
প্রসঙ্গত, ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সম্প্রতি সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা সম্পর্ককে আরও তিক্ত করেছে।
