ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন রাজা সুব্রামানি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৪৯ এএম
ছবি : সংগৃহীত
ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির স্থল, নৌ ও বিমান, এই তিন বাহিনীর সমন্বিত প্রধান হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে ভারত সরকার।
বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। তার অবসরের পরই লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে এনডিটিভি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এ পদে রয়েছেন। খবর এনডিটিভি অনলাইনের।
এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সুব্রামানি। এছাড়া ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) ছিলেন।
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট ‘দ্য গারওয়াল রাইফেলস’ এ কমিশন লাভের মধ্য দিয়ে এন এস রাজা সুব্রামানির সামরিক জীবনের সূচনা হয়। চার দশকেরও বেশি দীর্ঘ সামরিক জীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন কমান্ডে শীর্ষ কর্মকর্তা, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরো পড়ুন : শুভেন্দুর শপথের দিন পাল্টা কর্মসূচি মমতার
লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।
দীর্ঘ পেশাগত জীবনে এন এস রাজা সুব্রামানি চারটি গুরুত্বপূর্ণ সামরিক পদকে ভূষিত হয়েছেন। এগুলো হলো—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।
উল্লেখ্য, একই দিনে ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। আগামী ৩১ মে থেকে তার নিয়োগ কার্যকর হবে।
