×

ভারত

মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে আশাবাদী ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৫৪ এএম

মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে আশাবাদী ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে। ভারতসহ আরো ৫৩টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এমন মন্তব্য করলেন ট্রাম্প। খবর এনডিটিভির।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার একজন ভালো বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।

বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প অভিযোগ করেন, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ওপর উচ্চ শুল্ক আরোপ করে সুবিধা নিয়েছে। বর্তমান মার্কিন নীতির মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বহু বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে। তারা আমাদের পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করেছে। এখন পরিস্থিতি বদলেছে এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য থেকে উল্লেখযোগ্য আয় করছি।

ভারতের প্রতি ট্রাম্পের শুল্ক হুমকি

একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শুরুতে একটি মার্কিন প্রতিনিধিদল ভারত সফর করে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা ইতিবাচক ও বাস্তবধর্মী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, উভয় দেশ এমন একটি পারস্পরিক লাভজনক চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

তবে একই সময়ে বিশ্বের বিভিন্ন অর্থনীতির ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, তদন্তে দেখা গেছে ৫৪টি দেশ থেকে আমদানি করা কিছু পণ্য জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত হচ্ছে। এই তালিকায় অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইসরায়েল, জাপান, কাতার ও রাশিয়ার মতো দেশও রয়েছে।

হার্লি-ডেভিডসন নিয়ে ট্রাম্প

হার্লি-ডেভিডসন মোটরসাইকেলের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, উচ্চ শুল্কের কারণে একসময় ভারতের বাজারে এই মার্কিন ব্র্যান্ডটির ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, তারা হার্লি-ডেভিডসনকে মোটরসাইকেল বিক্রি করতে দিত না। ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে কোম্পানিটি সমস্যায় পড়ে। পরে তারা ভারতে কারখানা স্থাপন করে, যদিও বিষয়টি দুর্ভাগ্যজনক ছিল। তবে সেটি আমার দায়িত্ব নেওয়ার আগের ঘটনা।

আরো পড়ুন : ইরান যুদ্ধ নিয়ে নিজ দলের চাপে ট্রাম্প, যুদ্ধবিরোধী প্রস্তাব পাস

ট্রাম্প বলেন, ভারতীয় মোটরসাইকেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে গিয়ে এমন কোনো বাধার মুখে পড়ে না। তারা এখানেও মোটরবাইক বিক্রি করেছে। জানেন আমরা তাদের কাছ থেকে কত শুল্ক নিয়েছি? প্রায় কিছুই না। এখন পরিস্থিতি উল্টো, আর আমরা ভারত থেকে প্রচুর অর্থ আয় করছি।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি

গত ৭ ফেব্রুয়ারি ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলোচনার পর ভারত ও যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম ধাপ বা একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত করার কথা জানানো হয়।

সেই কাঠামো অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছিল। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করা হয় এবং বাকি অংশও কমানোর পরিকল্পনা ছিল।

তবে ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পারস্পরিক শুল্কনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। এই শুল্কগুলো ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর আওতায় আরোপ করা হয়েছিল।

এরপর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৫০ দিনের জন্য সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায় এবং পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App