ভারতে আবারও করোনায় আক্রান্ত ৮, মৃত্যু ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।
রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মৃতদের একজন রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী ব্যক্তি। জ্বর ও কাশির উপসর্গ নিয়ে পরীক্ষা করালে তার করোনা শনাক্ত হয়। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের কোভিড-১৯ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নতুন সংক্রমণের পর জেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে, আর বাকি নমুনার পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে কাদাপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। আক্রান্তদের শরীরে কোন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তা নিশ্চিত করতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের একটি বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সবিতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আক্রান্ত এলাকায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনসমাগমস্থল ও হাসপাতালগুলোতে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া জ্বর, কাশি বা শ্বাসকষ্টের উপসর্গ থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি আক্রান্তদের পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষার আওতায় আনা হচ্ছে।
কাদাপার পরিস্থিতিকে কেন্দ্র করে পুরো অন্ধ্রপ্রদেশে কোভিড-১৯ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালগুলোকে আইসোলেশন ওয়ার্ড ও প্রয়োজনীয় শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হলেও সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
