শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন দিলীপ ঘোষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর এ বিষয়ে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন এবং শেখ হাসিনার দেশে ফেরার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন।
রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি চাইলে নিজ দেশে ফিরতে পারেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে প্রশ্ন তোলেন এবং দেশটিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা ঠিক হচ্ছে না। শেখ হাসিনা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশে ফিরতেই পারেন।”
তিনি আরও বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। তার প্রত্যাশা, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার কার্যকরভাবে দায়িত্ব পালন করবে এবং দেশটি নিজস্ব প্রক্রিয়ায় বর্তমান পরিস্থিতি মোকাবিলা করবে।
এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এদিকে, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এসব বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে তাদের অবস্থান তুলে ধরেছে। তবে তার দেশে ফেরা কিংবা সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সূত্র: সংবাদ প্রতিদিন
