×

ভারত

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ছবি : সংগৃহীত

ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। প্রথমে শিক্ষাব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হলেও এখন আন্দোলনের একটি অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করছে।

বুধবার রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে অনলাইনভিত্তিক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে হাজারো আন্দোলনকারী জড়ো হন। আন্দোলনকারীদের এই কর্মসূচি এখন দেশটির রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধী দলগুলোর প্রকাশ্য সমর্থন পাওয়ার পর আন্দোলনের রাজনৈতিক গুরুত্বও বেড়েছে।

দিল্লি থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও উচ্চারিত হয়েছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা যন্তর মন্তর ছাড়ব না। যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল, আমরা সেই দেশকে আবার প্রশ্ন করতে শিখিয়েছি।”

মূলত তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে ওঠা এ আন্দোলন মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়ার পর আরও গতি পায়। সেদিন কংগ্রেসসহ বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।


কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিক্ষোভস্থল থেকে তাকে আটক করে কয়েক ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। পরে মুক্তি পেয়ে তিনি সংসদে কালো পোশাক পরে উপস্থিত হন এবং শিক্ষা খাতে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের কোটি তরুণের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীরবতা উদ্বেগজনক।

কীভাবে শুরু হয় আন্দোলন

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ নামে ব্যঙ্গাত্মক একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে ওঠে। পরবর্তীতে এটি প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, কর্মসংস্থান সংকট এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে আন্দোলনকারীরা সংসদ অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পরে কয়েকটি স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

মানবাধিকার সংস্থাগুলো পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, দিল্লি পুলিশের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

এদিকে আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

যন্তর মন্তরে অবস্থানরত ২০ বছর বয়সী এক শিক্ষার্থী কাব্য এএফপিকে বলেন, “সোমবার পুলিশকে আন্দোলনকারীদের মারধর করতে দেখেছি। ভয় লাগছে, কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই।”

সরকারের প্রতিক্রিয়া

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের অভিযোগের পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত একটি পরীক্ষার অনলাইন মূল্যায়ন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।


ক্রমবর্ধমান চাপের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং এ বিষয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “শিক্ষার্থীদের কাছে আমাদের জবাবদিহি, সংস্কার এবং দায়িত্বশীলতার অঙ্গীকার রয়েছে। তারা বিশৃঙ্খলা নয়, কার্যকর সমাধান পাওয়ার যোগ্য।”

এদিকে দিল্লির বাইরে মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া ও অন্যান্য শহরেও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মোদিকে ক্ষমা চাইতে হবে’

শিক্ষার্থীদের দাবি ‘মোদিকে ক্ষমা চাইতে হবে’

জ্বালানি তেল নিয়ে সরকারের বার্তা

জ্বালানি তেল নিয়ে সরকারের বার্তা

শিক্ষার্থীদের ৩ দাবি যৌক্তিক : রাহুল গান্ধী

শিক্ষার্থীদের ৩ দাবি যৌক্তিক : রাহুল গান্ধী

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App