বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীর পাশে কনে, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম
ছবি : সংগৃহীত
চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। চারদিকে ছিল আনন্দ-উৎসবের আমেজ। এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খাবার পরিবেশনের দায়িত্বে থাকা দুই তরুণী। খবর পেয়ে নিজের বিয়ের আয়োজন থামিয়ে তাঁদের পাশে ছুটে যান কনে। কারণ, তিনি নিজেই একজন চিকিৎসক। কনের এই মানবিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি কেরালার একটি বিয়ের অনুষ্ঠানের। সেখানে ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা দুই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। অন্যজন মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানতে পারেন, কনে একজন চিকিৎসক। পরে তাঁরা দ্রুত তাঁর সহায়তা চান। খবর পেয়ে বিয়ের সাজে থাকা কনে শিরিন সুবায়ের অসুস্থ দুই তরুণীর কাছে ছুটে যান।
ভিডিওতে দেখা যায়, শিরিন এক তরুণীর পাশে বসে তাঁর নাকের রক্তপাত বন্ধ করার চেষ্টা করছেন। নাকে রুমাল চেপে ধরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অন্য অসুস্থ তরুণীরও প্রয়োজনীয় শুশ্রূষা করেন তিনি।
আরও পড়ুন: ৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর সামনে স্বামী, অতঃপর...
জানা গেছে, শিরিন সুবায়েরের সঙ্গে চিকিৎসক রিজাজের বিয়ে হচ্ছিল। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কনে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘দ্যইন্ডিয়ানইডিয়ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই কনের পেশাগত দায়িত্ববোধ ও মানবিকতার প্রশংসা করেছেন।
নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, ‘আগে চিকিৎসক, পরে বধূ।’ আবার কেউ শিরিনকে ধন্যবাদ জানিয়ে তাঁর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
