রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:২৭ এএম
ছবি : সংগৃহীত
ভারতের ইন্দোরে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল বানাতে ব্যস্ত সড়কের জেব্রা ক্রসিংয়ের ওপর শুয়ে পড়েন নেটপ্রভাবী প্রকৃতি গৌড়। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। শেষ পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ঘটনার পর টুকোগঞ্জ পুলিশ প্রকৃতিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার মোবাইল ফোন জব্দ করে। ভারতীয় ন্যায় সংহিতার ২৭০ ও ২৮৫ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রকৃতি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তিনি দুঃখপ্রকাশ করেন। তাঁর দাবি, মূল ভিডিওটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে তিনি কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেননি বলেও দাবি করেন।
প্রকৃতি জানান, ভিডিও ধারণের সময় তিনি যান চলাচলে কোনো সমস্যা তৈরি করেননি। তবে ভবিষ্যতে জনবহুল স্থানে ভিডিও বা রিল তৈরির সময় আরও সতর্ক থাকবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজেশ দণ্ডোতিয়া বলেন, ভাইরাল ভিডিওতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি দেখা গেছে। ট্রাফিক আইন ভেঙে কেউ নিজের বা অন্যের জীবন ঝুঁকিতে ফেললে কিংবা যান চলাচলে বাধা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি নেটপ্রভাবী হোন কিংবা সাধারণ মানুষ—ট্রাফিক আইন সবার জন্য সমান। নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
