×

ভারত

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জনসাধারণের চলাচলের পথে বাধা ও অসুবিধা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

অভিযুক্ত নেতার নাম হাজী মোহাম্মদ উসমান। তিনি সমাজবাদী পার্টির মোরাদাবাদ জেলা শাখার সহসভাপতি। পাশাপাশি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ও ২৯২ ধারায় উসমানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এর মধ্যে ২৮৫ ধারায় জনসাধারণের চলাচলের পথ বা নৌপথে বিপদ বা বাধা সৃষ্টির এবং ২৯২ ধারায় জনসাধারণের জন্য বিরক্তি বা অসুবিধা সৃষ্টির অভিযোগের কথা বলা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উসমানকে একটি পার্ক করা গাড়ির সামনে নামাজ পড়তে দেখা গেলেও তার কারণে মানুষ বা যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়নি। ভিডিওতে আশপাশের গাড়িগুলোও পার্ক করা অবস্থায় দেখা যায়।


উসমান উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির নেতাদের একটি বৈঠকে যোগ দিতে সার্কিট হাউসে গিয়েছিলেন। ওই সময় তিনি নামাজ পড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোরাদাবাদে গণপূর্ত বিভাগের প্রাদেশিক শাখার সহকারী প্রকৌশলী অনিত কুমারের অভিযোগের ভিত্তিতে এফআইআরটি করা হয়। অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উসমানকে সার্কিট হাউসে প্রবেশ ও বের হওয়ার পথে গাড়ি পার্ক করে সেটির পেছনে নামাজ পড়তে দেখা গেছে। এতে যানবাহন ও মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়।


এর আগে স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছিল, উসমানের নামাজ পড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ক্ষোভ প্রকাশ করে। সরকারি স্থাপনায় কীভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো, সে প্রশ্নও তোলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকার সড়কে নামাজ পড়াকে নিষিদ্ধ করলেও সরকারি স্থাপনায় নামাজ পড়া বেআইনি—এমন কোনো বিধানের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। অভিযোগকারীদের বক্তব্যের পাশাপাশি ভিডিওতে বাস্তবে কোনো ধরনের চলাচলে বাধা সৃষ্টি হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাজিদের উদ্বৃত্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে: ধর্মমন্ত্রী

হাজিদের উদ্বৃত্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে: ধর্মমন্ত্রী

মাজারের খাদেম হত্যা মামলায় ৫ আসামি খালাস

মাজারের খাদেম হত্যা মামলায় ৫ আসামি খালাস

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App