×

ভারত

‘তেরঙা যাত্রা’

কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আটক প্রায় দেড়শ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আটক প্রায় দেড়শ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তেরঙা যাত্রা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করার সময় দলটির নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় দেড়শ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মধ্য দিল্লির কনট প্লেস এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কর্মসূচিতে ককরোচ জনতা পার্টি এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে কনট প্লেসের সেন্ট্রাল পার্কের ভেতরের রাস্তা ধরে মিছিল করেন। এ সময় তাদের ‘জয় হিন্দ’ স্লোগান দিতে এবং জাতীয় সংগীত গাইতে দেখা যায়।

একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তারা বিভিন্ন স্থানে আবারও জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যান। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

কর্মসূচির আগেই আটক ককরোচ নেতা

কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন ও মিছিলের কর্মসূচি দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ‘তেরঙা যাত্রা’ নামে পরিচিত এ কর্মসূচি ঘিরে আগে থেকেই উত্তেজনা তৈরি হয়। কর্মসূচি শুরুর আগেই বিকেলে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে তার বাসা থেকে আটক করে পুলিশ।

একই দিন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকেও দিল্লির যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়। সংগঠনটির অভিযোগ, নেহাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা কেউ জানে না। তাকে আটকের ঘটনাকে অপহরণ বলেও দাবি করেছে সংগঠনটি।

নেতাদের আটকের মধ্যেই কর্মসূচি পালনে রাস্তায় নামেন বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া (ডিওয়াইএফআই), অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) এবং অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা ছিলেন।


নিষেধাজ্ঞা উপেক্ষা করে কনট প্লেসে বিক্ষোভ

পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভকারীরা মধ্য দিল্লির কনট প্লেসে পৌঁছান বলে জানিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সংসদ সদস্য জন ব্রিটাস।

তিনি বলেন, কর্তৃপক্ষ জানিয়েছিল, কাউকে কনট প্লেসে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু বিক্ষোভকারীরা সেখানে পৌঁছে শহরের কেন্দ্রস্থলে জাতীয় পতাকা উঁচিয়ে ধরেছেন।

জন ব্রিটাসের ভাষ্য, তারা দিল্লি পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে পৌঁছেছেন। এখন কর্তৃপক্ষ যা করার, তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

দীপকের বাসায় পুলিশের নোটিশ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে কর্মসূচি শুরুর আগেই অভিজিৎ দীপকের বাসায় যায় পুলিশ। সেখানে কর্মসূচি বন্ধ করার বিষয়ে একটি নোটিশ নিয়ে হাজির হন পুলিশ সদস্যরা। পরে সেখান থেকেই তাকে আটক করা হয়।

এ সময় পুলিশের সঙ্গে দীপকের বিতণ্ডা হয়। নোটিশ হাতে নিয়ে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশ্ন করেন।

ঘটনার একটি ভিডিওর বরাতে এনডিটিভি জানিয়েছে, নোটিশে দীপকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়েছে, তার এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি।

তবে এসব অভিযোগের বিষয়ে দীপকে বা তার দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কেন এই ‘তেরঙা যাত্রা’ কর্মসূচি

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি ও কয়েকটি ছাত্র-যুব সংগঠন। এই দাবিতে এর আগে দিল্লির যন্তর মন্তরেও কর্মসূচি পালন করা হয়েছিল।

আন্দোলনকারীদের এবারের কর্মসূচির স্থান ছিল কনট প্লেসের সেন্ট্রাল পার্ক। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও মিছিলের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার পরিকল্পনা ছিল তাদের।

তবে কর্মসূচির আগেই দলটির প্রতিষ্ঠাতা নেতাকে আটক করা এবং পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

দুই দিনের জন্য বন্ধ সেন্ট্রাল পার্ক

নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করে। ফলে কর্মসূচি ঘিরে আগে থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এ অবস্থায় পুলিশি বাধা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা কনট প্লেসে জড়ো হন। পরে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা এবং আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা দেখা দেয়।

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং জাতীয় পতাকা হাতে বিক্ষোভ—সব মিলিয়ে শুক্রবার দিল্লির কেন্দ্রস্থলে দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় দেড়শ জনকে আটকের খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এনবিআর-মন্ত্রণালয়ের কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এনবিআর-মন্ত্রণালয়ের কর্মীসহ গ্রেপ্তার ৭

কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আটক প্রায় দেড়শ

‘তেরঙা যাত্রা’ কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আটক প্রায় দেড়শ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App