যিশুর জন্মদিনেও বেথেলহামের রক্তাক্ত হামলা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
বেথেলহামে হামলা
ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণ জেরুজালেমের বেথেলহাম খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুর জন্মস্থান। যুদ্ধের কারনে বেথেলহামে এ বছর বড়দিন উদযাপন বাতিল করা হয়েছে। প্রতিবছর হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রীদের উপস্থিতিতে ম্যাঞ্জার স্কোয়ার পূর্ণ থাকলেও এবার সেখানে শ্বশান নিঃস্তব্ধতা।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জেনিন শরণার্থী শিবিরের চালানো হয়েছে বিমান হামলা । আগের দিন রবিবার অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
রবিবার হামলার পর গাজার শরণার্থী বিভাগের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, সেখানে অনেক পরিবার আশ্রয় নিয়েছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার রাতে তিনটি বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় একটি জনবহুল আবাসিক ব্লক ধ্বসে যায়।
বড়দিন উপলক্ষে দেওয়া ভাষণে যিশুর শান্তির বার্তা উপেক্ষা করে তারই জন্মস্থানের পবিত্র ভূমিতে ইসরায়েলি যুদ্ধের জন্য দুঃখ প্রকাশ করেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
সোমবার গণমাধ্যমে দেয়া এক ভাষণে পোপ ফ্রান্সিস বলেন, আজ আমাদের হৃদয় বেথেলহামে রয়েছে। যেখানে অনর্থক যুদ্ধের যুক্তি দেখিয়ে যিশুর শান্তির বার্তাকে আবারও উপেক্ষা করা হয়েছে। এমনকি অস্ত্রের সংঘর্ষের মাধ্যমে আজও তাকে পৃথিবীতে শান্তিময় স্থান খুঁজে পেতে বাধা দেয়া হয়েছে।
গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে ৮ হাজারই শিশু আর নারী সাড়ে ৬ হাজার। হামলায় ইতিমধ্যে আহত হয়েছে অন্তত ৫৪ হাজার ফিলিস্তিনি।
