×

আন্তর্জাতিক

পিটিআই চেয়ারম্যান

প্রধানমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত নেবেন ইমরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম

প্রধানমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত নেবেন ইমরান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সমর্থিত প্রার্থীরা নির্বাচনে এখন পর্যন্ত ৯২টি আসনে জয়লাভ করেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গহর আলী খান বলেছেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান। শনিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এমন তথ্য দেন। এসময় নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে দাবি করেন গহর খান। 

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ১৭০টি আসনে জয় পেয়ে দলটি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন গহর খান। তিনি বলেছেন, ‘পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খান ঠিক করবেন। কারাগারে কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন তিনিই পিটিআইয়ের নেতা।’ খবর ডনের।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নির্বাচনে দেশটির জাতীয় পরিষদের ২৬৫ আসনের মধ্যে ১৭০টিতে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দাবি করেছেন গহর খান। তিনি বলেছেন, তাদের মধ্যে ৯৪ জনের জয়ের ঘোষণা পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দিয়েছে। আর এই বিষয়ে তাদের কাছে নির্বাচন কমিশনের জারি করা ফর্ম-৪৫ রয়েছে। এছাড়া আরো ২২টি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। কিন্তু এসব আসনে ফল পাল্টে তাদের হারিয়ে দেয়া হয়েছে। 

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পূর্ণাঙ্গ ফল এখনও প্রকাশ করা হয়নি। দেশটির নির্বাচন কমিশন ২৬৫টি আসনের মধ্যে ২৫৩টির ফল প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, জাতীয় পরিষদের ২৬৫টি আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পেয়েছেন। আর নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭১টি, বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৫৪টি, জামিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) ৩টি ও অন্যান্যরা ৩৩টি আসনে জয় পেয়েছেন।

গহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভী তাদের সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন। যেহেতু জাতীয় পরিষদের নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।

পাকিস্তানের বহুল আলোচিত এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে যে দলই সরকার গঠন করুক না কেন তাদের জোট গঠন করতে হবে। অর্থাৎ পাকিস্তানে জোট সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে। তবে কোন দলের নেতৃত্ব জোট গঠিত হবে এবং নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করা হবে কি না সেটি এখন দেখার বিষয়।

দেশটির রাজনৈতিক বিশ্লেষক জাইঘাম খান বলেছেন, মনে হচ্ছে একটি জোট সরকার গঠন করা হতে পারে। জোটে পিটিআই ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো থাকবে। এতে থাকবে দেশটির দুই বড় দল পিপিপি এবং পিমএএলএন। সঙ্গে থাকবে এমকিউএম, জামাত-ই-ইসলামী ও অন্যান্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App