ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৯:২৩ এএম
প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে চার প্রার্থী। ছবি : সংগৃহীত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনের আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুজন। আমির হোসেন হাশেমি ও আলি রেজা জাকিনি ভোটাভুটি শুরু হওয়ার একদিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এখন লড়াই হবে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান– এ চার নেতার মধ্যে।
এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে পশ্চিম এশিয়ার এই দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শুক্রবার ইরানিরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন।
আরো পড়ুন : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে খামেনি অনুগতদের আধিপত্য
যদিও নির্বাচনের ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নেই, তবে ভোটের ফলাফলটি সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে।
রয়টার্স বলছে, খামেনি অর্থনৈতিক কষ্ট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর জনসাধারণের অসন্তোষের কারণে সৃষ্ট বৈধতা সংকট কাটিয়ে উঠতে ‘সর্বোচ্চ সংখ্যক’ ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
মূলত রাজনৈতিক ও সামাজিক নানা বিধিনিষেধের কারণে গত চার বছরে দেশটিতে বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গেছে।
এছাড়া ভোটগ্রহণের পর যেহেতু ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই সামনে আসতে পারে। যদি কোনো প্রার্থী শূন্য ভোটসহ প্রদত্ত সমস্ত ব্যালট থেকে কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে না জিততে পারেন, তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ফের রান-অফ রাউন্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রার্থীতা জমা দিয়েছিলেন রেকর্ড ৮০ জন। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণাধীন গার্ডিয়ার কাউন্সিলের অনুমোদন পেয়েছেন মাত্র ছয়জন। বাদ পড়াদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। শেষপর্যন্ত মাত্র ছয়জনকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের অনুমতি দিয়েছিল গার্ডিয়ান কাউন্সিল। তাদের মধ্যে পাঁচজনই রক্ষণশীল ঘরানার ও খামেনির বলয়ের বলে পরিচিত।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বৃহস্পতিবার জানান, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। মূলত ওইসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া, ইরানের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটারেরা।
গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, শুক্রবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।
উল্লেখ্য, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ২৮ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এতে করে নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দেশটির সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন দিতে হবে পরবর্তী ৫০ দিনের মধ্যেই। ফলে দলগুলো নিজেদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য খুবই কম সময় পায়।
এছাড়া অন্যান্য নির্বাচনের মতো এবারো ইরানে কোনো নারীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি এই কাউন্সিল। যারা দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চান এমন কেউও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি।
আগাম এই প্রেসিডেন্ট নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন ৬২ বছর বয়সী বাকের কলিবফ। তিনি রাজধানী তেহরানের সাবেক মেয়র। এছাড়া দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার।
