গাজা শাসন করতে চাচ্ছে কারা?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এই হামলায় মোট এক লাখ ৫ হাজার ৪৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো।
১৩ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে প্রশাসনিক দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য একটি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ। উভয় পক্ষের মধ্যস্থতাকারীরা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসংক্রান্ত একটি খসড়া পরিকল্পনা বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে। খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, ওই কমিটি ১০ থেকে ১৫ জন নির্দলীয় ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে যারা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও পুনর্গঠনসংক্রান্ত বিষয় নিয়ে কমিটি কাজ করবে।
ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনি সরকারের সঙ্গে গাজার যোগাযোগ আরো শক্তিশালী করে তোলাই কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এই কমিটি পশ্চিম তীরের ‘ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থা’ অনুসরণ করবে।
গত সপ্তাহে কায়রোয় হামাস ও ফাতাহর কর্মকর্তাদের মধ্যে আলোচনায় চুক্তির বিষয়গুলো সম্পর্কে উভয় পক্ষ একমত হয়েছে। উক্ত বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েল সরকারের মতামত জানাতে বলেছে ফাতাহ ও হামাস।
এদিকে জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৪১ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে দুজারিক বলেন, সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী ও সেভ দ্য চিলড্রেনের একজন কর্মীসহ মোট চারজন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে নিহত মানবিক সহায়তাকর্মীর সংখ্যা বেড়ে ৩৪১ জনে পৌঁছেছে।
অন্যদিকে ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মঙ্গলবার আরো ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নিহত হয়েছে গাজার উত্তর প্রান্তের বেইত লাহিয়া শহরে। এর মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চল ছাড়ার নতুন আদেশ ঘোষণা করেছে।
