×

আন্তর্জাতিক

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিতের ঘটনায় নিহত অন্তত ৩০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিতের ঘটনায় নিহত অন্তত ৩০

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় দেশ হাইতির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরেতে ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) ইস্টার উপলক্ষে আয়োজিত বার্ষিক সমাবেশ চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি। তিনি জানান, মিলো শহরের ওই ঐতিহাসিক স্থানে তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি পর্যটন অনুষ্ঠানের সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে মাঠে নামানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সামাজিক মাধ্যমে প্রচারণার কারণে দুর্গটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী ভিড় করেন। প্রবেশ পথের কাছে হঠাৎ পদদলিতের ঘটনা শুরু হয়, যা পরবর্তীতে ভারি বৃষ্টিপাতের কারণে আরো ভয়াবহ রূপ নেয়।

হাইতির একটি স্থানীয় পত্রিকার বরাতে জানা গেছে, এই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনো নিহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পরপরই এই দুর্গটি নির্মাণ করা হয়। বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফির উদ্যোগে নির্মিত এই দুর্গ বর্তমানে হাইতির স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App