যুদ্ধবিরতির স্বস্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অনিশ্চয়তা কিছুটা কাটায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বুধবার (২২ এপ্রিল) নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও বেড়ে গেছে। একই সঙ্গে ডলারের মান কিছুটা কমায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫১ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৭৭০ ডলার। মূলত ভূরাজনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।
বাজার বিশ্লেষক নিতেশ শাহ জানান, ঝুঁকিপূর্ণ অন্য সম্পদগুলোতে চাপ কমলে সাধারণত স্বর্ণের দাম বাড়ে। বর্তমানে বিশ্ববাজারে শেয়ারের দাম বাড়ার পাশাপাশি ডলারের মান কিছুটা নমনীয় হয়েছে। ফলে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। তবে হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ও ট্রাম্পের অব্যাহত অবরোধের ঘোষণা বাজারের এই ঊর্ধ্বমুখিতাকে উসকে দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী পদক্ষেপও স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলবে। ফেড প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ গত মঙ্গলবার জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে হোয়াইট হাউসের কোনো চাপে তিনি নতিস্বীকার করবেন না এবং স্বাধীনভাবে কাজ করবেন। ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভোর মতে, আগামী ১২ মাসে সুদের হার আরও কমলে বছরের শেষে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৯০০ ডলার ছাড়াতে পারে।
জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে থাকলেও হরমুজ প্রণালি বন্ধ থাকা ও সাগরে জাহাজ জব্দের ঘটনায় মুদ্রাস্ফীতির শঙ্কা রয়ে গেছে। এই অবস্থায় স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ২ শতাংশের কাছাকাছি বেড়েছে।
