পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি- সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রে ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বড়ঞার ১৮৬ নম্বর বুথে যেকোনো প্রতীকে ভোট দিলেই তা বিজেপির পক্ষে যাচ্ছে তৃণমূল প্রার্থীর এমন দাবির মুখে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে নির্বাচনী পর্যবেক্ষক এই অভিযোগ অস্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
বড়ঞা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজক অভিযোগ করেন, ইভিএমের ৪ নম্বর বোতামে থাকা বিজেপি প্রার্থীর প্রতীকে সব ভোট স্বয়ংক্রিয়ভাবে জমা হচ্ছে। ভোটাররা অন্য বোতামে চাপ দিলেও ভিভিপ্যাট স্লিপে বিজেপির নাম দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন। প্রতিমার ভাষ্য, ‘এটি একটি বড় চক্রান্ত। সকালে পরীক্ষার সময় ঠিক থাকলেও ভোট শুরুর পর এই কারচুপি ধরা পড়ে।’
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। যেকোনো বোতাম টিপলে বিজেপিতে ভোট যাওয়ার দাবি হাস্যকর।’
ঘটনার পর তৃণমূল সমর্থকদের বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়ালে প্রশাসনিক কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। বড়ঞার নির্বাচনী পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ বলেন,‘নির্বাচন কমিশনের ব্যবস্থায় এমন ঘটনা অসম্ভব। তবুও অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।’
আজ সকাল সাতটা থেকে রাজ্যের ১৬ জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোট শুরু হয়েছে। ৩ কোটি ৬০ লাখ ভোটারের এই রায় নির্ধারণে কড়া নিরাপত্তা বজায় রেখেছে কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষে ৪ মে ফলাফল ঘোষণা করা হবে।
