এক রাতেই বৃষ্টির পানিতে তলিয়ে গেল ৫ হাজার বই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি- সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় জনপ্রিয় বইয়ের দোকান ‘দ্য বুকওয়ার্ম’-এর অন্তত ৫ হাজার বই নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহরের চার্চ স্ট্রিট এলাকায় অবস্থিত দোকানটিতে পানি ঢুকে পড়লে মূল্যবান সংগ্রহগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বই পানিতে ভেসে যায়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় দোকানের ভেতর থইথই পানির ওপর বই ভাসছে। গ্রীষ্মকালীন ছুটির ব্যবসার জন্য সম্প্রতি বিপুল পরিমাণ নতুন বই মজুত করেছিলেন দোকানের মালিক কৃষ্ণা। কিন্তু এক রাতের বৃষ্টিতে নতুন আনা বইগুলোর বড় একটি অংশই এখন অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে তেলভিত্তিক কাগজে ছাপা চিত্রভিত্তিক কমিকসগুলো কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি।
দোকানটির মালিক কৃষ্ণা জানান, আধুনিক প্রকাশনা পদ্ধতিতে ব্যবহৃত নিম্নমানের ও পুনর্ব্যবহৃত কাগজের কারণে ক্ষতির মাত্রা বেড়েছে। তিনি বলেন, “বর্তমানে অনেক প্রকাশক পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহার করেন, যা পানির ক্ষতি প্রতিরোধে অক্ষম। বিশেষ করে ‘অ্যাস্টেরিক্স অ্যান্ড ওবেলিক্স’-এর মতো কমিকসগুলো একেবারেই রক্ষা করা যায়নি।”
ক্ষতির পরিমাণ কিছুটা কমাতে এখন কিছু বই রোদে শুকিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। অবশিষ্ট এই বইগুলো ভবিষ্যতে পাঠকদের কাছে কম দামে বিক্রি করার পরিকল্পনা রয়েছে তাদের। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকদের মধ্যে ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়েছে। অনেকেই গত বছরের কলকাতার কলেজ স্ট্রিটের ‘ওয়েট বুক ফেয়ার’-এর মতো উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত দোকানটিকে সহায়তার আহ্বান জানিয়েছেন।
